এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। আজ সকাল নয়টা থেকে মতিঝিলের এফবিসিসিআই ভবনের অষ্টম তলার সম্মেলনকক্ষে ভোট গ্রহণ শুরু হবে। একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থী ও ভোটার কেউই ভোটকেন্দ্রে মুঠোফোন, ক্যামেরা ও ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না। জানা যায়, এবারের নির্বাচনে ৩০ জন পরিচালক নির্বাচিত করতে এক হাজার ৯১৭ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে অ্যাসোসিয়েশন গ্রুপের এক হাজার ৬০৮ এবং চেম্বার গ্রুপের ভোটারসংখ্যা ৩০৯ জন। এবারের নির্বাচনে কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্যানেল ও গণতান্ত্রিক পরিষদ—এই দুই প্যানেলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আর ৩০ পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্যানেলে ৬৩ জন প্রার্থী। এর মধ্যে চেম্বারের ৩০ ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৩৩ জন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাংসদ মো. আলী আশরাফ গত বৃহস্পতিবার চেম্বার গ্রুপের প্রার্থী পরিচিতি সভায় বলেন, ভোটকেন্দ্র এফবিসিসিআই ভবনে পোস্টার কিংবা ব্যানার লাগানো যাবে না। প্রার্থীরা ভবনের বাইরে সড়কের ওপর নিদিষ্ট প্যান্ডেলে প্রচারাভিযান চালাবেন।সভায় মো. আলী আশরাফ বলেন, প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে জরিমানাসহ প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।অবশ্য বৃহস্পতিবার বিকেলেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাঁচ প্রার্থীকে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানা করে নির্বাচনী বোর্ড। এঁদের চারজনই বর্তমান পরিষদের পরিচালক।এফবিসিসিআই নির্বাচনে সর্বমোট ৪৮ জন পরিচালক নির্বাচন করা হবে। এর মধ্যে চেম্বার গ্রুপ ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৫ জন করে ৩০ জন সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আর মনোনীত পরিচালক হয়েছেন ১৮ (চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে নয়জন করে) জন।২৬ নভেম্বর সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে ২৯ নভেম্বর।