এবার অধিক তাপমাত্রা ধানে চিটার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো ধানে ফুল এসেছে! এমন সময় রাজশাহীতে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ছয় দিন ধরে জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এ সময় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকলে ধানে চিটা হওয়ার আশঙ্কা থাকে। জেলার মোহনপুর উপজেলার বিরোহী গ্রামের কৃষক আবদুল ওহাব জানান, তিনি এবার সাত বিঘা জমিতে বোরোর চাষ করেছেন। এর মধ্যে সাড়ে তিন বিঘায় ব্রি-২৮ ও বাকি জমিতে জিরাশাইল। ২৮ জাতের বেশির ভাগ ধানে চাল এসেছে। কিন্তু অতিরিক্ত খরার কারণে ইতিমধ্যে তাঁর জমির প্রায় ৩০ শতাংশ ধান চিটা হয়ে গেছে।রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ওপরে। ১৭ এপ্রিল ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি, ১৮ এপ্রিল ৩৮ দশমিক ৮, ১৯ এপ্রিল ৩৮ দশমিক ৬, ২০ এপ্রিল ৩৭ দশমিক ৮, ২১ এপ্রিল ৩৭ ও ২২ এপ্রিল ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী বিশ্বজিৎ কর্মকার জানান, সাধারণত সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধানের ফুল ফোটা শুরু হয়। এ সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে ফুলের রেণু শুকিয়ে যায়। এতে ধানের চিটা হওয়ার আশঙ্কা থাকে। ঝোড়ো বাতাস থাকলে সেই আশঙ্কা আরও বেড়ে যায়। রাজশাহীতে কয়েক দিন ধরে উচ্চ তাপমাত্রার পাশাপাশি ঝোড়ো বাতাসও লক্ষ করা যাচ্ছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার রাজশাহীতে ৭৭ হাজার ২৮৪ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে। এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা দুই লাখ ৯২ হাজার ৩৬৪ টন নির্ধারণ করা হয়েছে। মোহনপুর উপজেলার নওগ্রামের কৃষক আনিসুর রহমান জানান, তিনি এবার আট বিঘায় ব্রি-২৮ ও হাইব্রিড জাতের ধান চাষ করেছেন। তিনি জানান, বেশি খরা হলে চিটা হয় কি না, তা তাঁর জানা নেই। তবে ঝোড়ো বাতাসের কারণে ফুল ঝরে গিয়ে চিটা হয়। এ কারণে তাঁর জমির কিছু ধান এরই মধ্যে চিটা হয়ে গেছে।গোদাগাড়ির কৃষক নাজমুল হক জানান, তিনি এবার ব্রি-২৮ জাতের ধান চাষ করেছেন। ইতিমধ্যে তাঁর জমির প্রায় অর্ধেক ধানে চাল এসেছে। বাকি ধান এখনও ফুলের পর্যায়ে রয়েছে। খরার কারণে বাকি ধানে চিটার আশঙ্কা করছেন তিনি। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল আমিন প্রথম আলোকে জানান, টানা খরার কারণে ধানে চিটার আশঙ্কা থাকে। ইতিমধ্যে তাঁদের ব্রি-২৮ জাতের ধানে চাল এসেছে। ২৮ জাতের জন্য আর হয়তো সমস্যা হবে না। তবে ২৯ জাতটা উঠতে ১৫ থেকে ২০ দিন দেরি হয়। খরার এই পরিস্থিতি যদি একইভাবে চলতে থাকে, অর্থাৎ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, তা হলে এ ধানে চিটা হওয়ার আশঙ্কা রয়েছে।