এবার অধ্যক্ষ গেলেন জেলা পরিষদের প্রশাসকের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ, শিক্ষার্থীদের প্রতিবাদ আর গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনের সড়কটি সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় প্রতিদিন হাজার হাজার যাত্রীকে নাকাল হতে হয়। এ অবস্থায় সড়ক সংস্কারের জন্য কলেজের অধ্যক্ষ দেখা করলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে। গতকাল রোববার দুপুরে কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মিয়া জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুকের কাছে সড়ক সংস্কারের দাবি জানান। জবাবে জেলা পরিষদের প্রশাসক বলেন, ওই সড়কটি সংস্কার করতে হলে বর্তমানে সাত-আট কোটি টাকার প্রয়োজন। জেলা পরিষদের তহবিলে ওই পরিমাণ টাকা নেই। যে টাকা রয়েছে, ওই টাকা কুমিল্লার ১৬ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় হবে। এ অবস্থায় জেলা পরিষদ সড়ক মেরামত করতে পারছে না। তার পরও সড়কের বড় গর্তগুলো পূরণের জন্য চেষ্টা করবে।শিক্ষার্থীদের অভিযোগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর এলাকার ডিগ্রি শাখায় যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। সড়কের আধা কিলোমিটারের মধ্যে কমপক্ষে ১০টি বড় আকারের গর্ত রয়েছে। পুরো সড়কের পিচ উঠে গেছে। সব সময়ই এ সড়কে পানি জমে থাকে। আর সড়কটিতে ছোট আকারের গর্ত রয়েছে শতাধিক। সড়কটি মেরামত না হওয়ার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অধিদপ্তর কুমিল্লা সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুন মাসে সড়কটির সংস্কারকাজ করা হয়। মাস দুয়েক পর ওই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যায়। আর তিন মাসের মাথায় সড়কের মধ্যে খানাখন্দের সৃষ্টি হয়। এর পর থেকে ওই সড়কে একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়। সড়ক থেকে পানি না নামার ব্যবস্থা না থাকায় পিচ উঠে গেছে। ভিক্টোরিয়া কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাজমা আক্তার সরকার বলেন, এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। কারও বাচ্চা রিকশা থেকে পড়ে যাচ্ছে। কেউ কেউ কাদা মাড়িয়ে চলতে গিয়ে পিচলে পড়ছে। দ্রুত এটি মেরামত করা দরকার। কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মিয়া বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর আমি এ কলেজে যোগ দেওয়ার পর দেখলাম, কলেজের সামনের সড়কটি খানাখন্দে ভরা। জানলাম, সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত হচ্ছে না। সড়কটি জেলা পরিষদের আওতাধীন। তাই জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে দেখা করতে যাই।’