ময়মনসিংহের মহাকালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন শাকিরের বিপক্ষে কলেজের একটি চক্র অপপ্রচার করছে অভিযোগ করে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষকদের অপর একটি অংশ। একই দিন দুপুরে জিয়াউদ্দিন শাকির ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
এর আগে গত শনি ও রোববার কলেজ শাখার শিক্ষকেরা অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে কর্মবিরতি ও মানববন্ধন করেন।
গতকাল বেলা দুইটায় শহরের সি কে ঘোষ রোডে অবস্থিত ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মহাকালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের একাংশ মানববন্ধন করেন। তাঁরা বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এতে কলেজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাঁরা এসব অপপ্রচার বন্ধ করার দাবি জানান।
একই দিন বেলা তিনটায় জিয়াউদ্দিন সংবাদ সম্মেলন করে অর্থ আত্মসাৎসহ তাঁর বিরুদ্ধে আনা শিক্ষকদের একটি অংশের সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, কলেজের সব ধরনের আর্থিক বিষয়ে একটি কমিটি থাকে। শিক্ষকেরা ওই সব কমিটিতে থাকেন। কাজেই অর্থ আত্মসাৎ করার প্রশ্নই উঠে না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলেজ শাখার শিক্ষক নুরুল আলম, স্কুল শাখার শিক্ষক ইসরাত পারভীন, শাহীন বিনতে শিল্পী, লোটাস বেগম প্রমুখ।