এবার অধ্যক্ষের বাসভবন চত্বরে বোমার বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষের বাসভবন চত্বরে মঙ্গলবার রাতে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সর্বদলীয় ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ গতকাল বুধবার কলেজে বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। কলেজ ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস প্রথম আলোকে বলেন, রাতে তিনি বাড়ির বারান্দায় পায়চারী করছিলেন। এ সময় পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে, শব্দে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করা হয়। শিবির নেতা-কর্মীদের নামে মামলা করার কারণেই এই বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।পুলিশ ও কলেজ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে অবস্থিত অধ্যক্ষের বাসভবনের বাইরে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের মেসের শিক্ষার্থীরা ও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শিক্ষার্থীরা রাতেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন।ঘটনার জন্য শিবির নেতা-কর্মীদের দায়ী করে তাঁদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন ছাত্রসংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য সংগ্রাম পরিষদ গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করে। এতে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাসেম বিন জুম্মন, জেলা শাখার সভাপতি ধনজিৎ ঘোষ ও সাধারণ সম্পাদক ফখরুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ শাখার সভাপতি রোকনুজ্জামান, ছাত্রসমাজের কলেজ শাখার সমন্বয়ক সালেহ আহমেদ, ছাত্র ইউনিয়নের কলেজ শাখার সভাপতি মাহমুদ হোসেন প্রমুখ।গত ১৫ মার্চ কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে ছাত্রশিবিরের নিয়ন্ত্রণাধীন চারটি ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়। এর পরও গত বৃহস্পতিবার শিবির নেতা-কর্মীরা রাতের আঁধারে ওসমানী ছাত্রাবাসের তালা ভেঙে লাঠিসোঁটা, রড, ইট, পাথর ও জিহাদি বই মজুদ করেন। কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় পুলিশ গত শুক্রবার এসব উদ্ধার করে। এ ঘটনার জের ধরে গত সোমবার সন্ত্রাসীরা কলেজ অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাস ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি হারুন-অর রশিদকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। ছাত্রলীগ কলেজ শাখার আহ্বায়ক আবদুল্লাহ খান বলেন, কলেজের চারটি হল বন্ধ করে দেওয়ায় শিবির একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। কলেজের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক দিলীপ কুমার বলেন, শিবিরের নেতা-কর্মীরা প্রকাশ্যে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করায় তারাই এই বোমা ফাটিয়েছে। এর প্রতিবাদে কলেজ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষক সমিতি আজ বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ ডেকেছে।রংপুরের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, কলেজের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশি পাহারা জোরদার করা হয়েছে। মামলার অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।