এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চার দফা পেছানোর পর গতকাল বুধবার অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে জনসংযোগ দপ্তর।
১৮-দলীয় জোটের টানা হরতাল ও অবরোধের কারণে বারবার ভর্তি পরীক্ষা পেছানোয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই সেশনজটে পড়েছেন ভর্তি-ইচ্ছুক দেড় লক্ষাধিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রতিবছর ডিসেম্বরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ভর্তির সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার জানুয়ারির প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও ভর্তি পরীক্ষাই নেওয়া সম্ভব হয়নি রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে।
জনসংযোগ দপ্তর জানায়, বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৪৭টি বিভাগের জন্য পৃথক আট ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এ জন্য তিন হাজার ৬০১টি আসনের বিপরীতে এক লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।
১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। সে সময় ১৮-দলীয় জোট হরতাল দেওয়ায় তারিখ পরিবর্তন করে ৫ থেকে ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। একই জোটের অবরোধ কর্মসূচির কারণে পরিবর্তন করে ২৫ থেকে ২৮ ডিসেম্বর করা হয়। পরে বড়দিন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় ২৮ থেকে ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়। অবরোধের কারণে আবার পরিবর্তন করে ১০ থেকে ১৪ জানুয়ারি করা হয়েছিল।
কুষ্টিয়া জেলার ভর্তি পরীক্ষার্থী লুৎফুন্নাহার জানান, বারবার ভর্তি পরীক্ষা পেছানোর ফলে ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যাচ্ছে না।
বগুড়ার কাউসার আহমেদ জানান, অনেকেই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশায় তাঁরা অন্য কোথাও ভর্তি হননি। এখানে সুযোগ না পেলে তাঁদের সমস্যায় পড়তে হবে।
এসব উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১১ জানুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখনো ভর্তিই শেষ করে পারিনি দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য। এটা শিক্ষার্থীদের জন্য যেমন হতাশার ব্যাপার, তেমনি আমাদের জন্যও। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।’