কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা এবার হাসপাতালের অন্তর্বিভাগেও (ইনডোর) কর্মবিরতি শুরু করেছেন। ছয় দিন ধরে তাঁরা বহির্বিভাগে কর্মবিরতি চালিয়ে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার দাবিদাওয়া নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের এক বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। শিক্ষানবিশ চিকিৎসক মিনহাজ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, চিকিৎসক ও হাসপাতালের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক পুলিশি ব্যবস্থার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করে আসছি। কিন্তু সে আবেদনে কোনো সাড়া মেলেনি। পরে আমরা প্রতিদিন বেলা দুইটা থেকে সকাল আটটা পর্যন্ত টহল পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষানবিশ চিকিৎসকেরা অন্তর্বিভাগেও কর্মবিরতি অব্যাহত রাখবেন। জেলা বিএমএর সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘চিকিৎসকদের দাবি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।’ অভিযোগ রয়েছে, গত ২৮ এপ্রিল চিকিৎসা প্রদানে বিলম্বের অজুহাত ও হাসপাতালের নিচতলা থেকে পঞ্চমতলায় সিটি স্ক্যান যন্ত্র প্রতিস্থাপনের দাবিতে শহরের উত্তর চর্থা এলাকার ওবায়দুল ইসলাম (বাবর) ও তাঁর সহযোগীদের হাতে আট চিকিৎসক আহত হন। পরে এই ঘটনার প্রতিবাদ ও পুলিশ ফাঁড়ির দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকেরা আন্দোলন শুরু করেন।