এবার অবৈধ অভিবাসীদের ব্রিটেন ত্যাগের জন্য খুদে বার্তা
অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যেতে বাধ্য করতে ব্রিটেনের ক্ষমতাসীন টোরি সরকার একের পর এক যেসব পদক্ষেপ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে, তাতে সর্ব শেষ যোগ হয়েছে সন্দেহভাজন ব্যক্তিদের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠানো।
প্রায় ৪০ হাজার লোকের কাছে এই বার্তা পাঠানোর পর কর্তৃপক্ষের কাছে প্রায় ৪০০ অভিযোগ জমা পড়ে, যাতে অভিযোগকারীরা দাবি করেন যে তাঁরা বহু আগেই বৈধতা অথবা নাগরিকত্ব লাভ করেছেন। তাঁদের অভিযোগ, অভিবাসন কর্তৃপক্ষ তাঁদের কাছে এ ধরনের বার্তা পাঠানোয় তাঁরা মর্মাহত।
খুদে বার্তায় বলা হয়, ‘ইউকে বর্ডার এজেন্সির বার্তা। আপনি বেআইনিভাবে অবস্থান করছেন বিধায় আপনার উচিত যুক্তরাজ্য ত্যাগ করা।’ প্রায় ৫৮ হাজার ৮০০ অবৈধ অভিবাসীকে খুঁজে বের করার লক্ষ্যে এই খুদে বার্তা পাঠানো হচ্ছে। বার্তা পাঠানোর কাজটি করেছে একটি বেসরকারি কোম্পানি ক্যাপিটা। সরকারের পক্ষে ক্যাপিটা এ পর্যন্ত ৩৯ হাজার ১০০ জনকে খুদে বার্তা পাঠিয়েছে।
সরকারের এই পদক্ষেপকে বিশৃঙ্খল ও অদক্ষতার পরিচায়ক হিসেবে অভিহিত করে বিরোধী দল লেবার পার্টি এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে।
ছায়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ডেভিড হ্যানসন গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, করদাতাদের টাকায় বেসরকারি খাতের কোম্পানিকে দিয়ে নিজেদের নাগরিকদের বিব্রত করা একটি ভুল পদক্ষেপ। বিরোধী দল এ বিষয়ে এর আগে বিভ্রান্তিকর বক্তব্যসংবলিত পোস্টারসহ ভ্রাম্যমাণ যানে অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে চালানো প্রচারাভিযানের কথাও উল্লেখ করে। ওই প্রচারাভিযানকে টোরি পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি বর্ণবাদী ও আপত্তিকর বলে অভিহিত করেছিল।