এবার অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল বৃহস্পতিবার নগরের ঢাকা ট্রাংক (ডিটি) সড়কে অভিযান চালিয়ে নয়টি বিলবোর্ড উচ্ছেদ করেছে। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পুলিশের যৌথ অভিযানের চতুর্থ দিন অপসারণ করা হয়েছে ১১টি। নগরের আগ্রাবাদের বাদামতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম প্রথম আলোকে বলেন, সিডিএর অর্থায়নে ডিটি সড়কের সম্প্রসারণ ও উন্নয়নকাজ চলছে। এর মধ্যে অনুমোদন না নিয়ে সড়ক বিভাজকে ২৬টি খুঁটি স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১১টিতে বিজ্ঞাপনচিত্র প্রদর্শন করা হচ্ছে ও অন্য ১৫টি খুঁটি খালি পড়ে রয়েছে। অভিযানের প্রথম দিন দুটি ক্রেন দিয়ে নয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। অন্য বিলবোর্ডগুলো রোববার অপসারণ করা হবে।