বরগুনার আমতলী থেকে তালতলী হয়ে ফকিরহাট পর্যন্ত তিন চাকার যানের (থ্রি হুইলার) ভাড়া অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এই পথে বাসভাড়া অর্ধেকে নামিয়ে আনার এক দিন পর গতকাল মঙ্গলবার তিন চাকার যানবাহনের মালিকেরা এ ঘোষণা দেন।
তিন চাকার যানের মালিকেরা ভাড়া কমিয়ে অর্ধেক করার ঘোষণা দেওয়ার পর গতকাল দ্বিতীয় দফায় ভাড়া কমান বাসমালিকেরা। এর ফলে গতকাল থেকে আমতলী-ফকিরহাট ৪০ কিলোমিটারে বাসে ৮০ টাকা ভাড়ার স্থলে ৩০ টাকা এবং তিন চাকার যানে ৪০ টাকা নেওয়া হচ্ছে। আমতলী-তালতলী ৩০ কিলোমিটারে ৬০ টাকার স্থলে বাসে ২০ টাকা এবং তিন চাকার যানে ৩০ টাকা নেওয়া হচ্ছে। আমতলী-কড়াইবাড়িয়া ২০ কিলোমিটারে ৪০ টাকার স্থলে বাসে ১৫ টাকা এবং তিন চাকার যানে ২০ টাকা নেওয়া হচ্ছে। আমতলী-কচুপাত্রা ১২ কিলোমিটারে বাসে ২৫ টাকার স্থলে ১০ টাকা এবং তিন চাকার যানে ১৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আমতলী-আড়পাঙ্গাশিয়া ৮ কিলোমিটারে বাস ও তিন চাকার যানে ভাড়া নিচ্ছে ৫ টাকা। আমতলী-মানিকঝুড়ি ৬ কিলোমিটারে আগে ভাড়া ছিল ৫ টাকা, এখন উভয় যানবাহন বিনা ভাড়ায় যাত্রী নিচ্ছে।
জানা গেছে, আমতলী-তালতলী-ফকিরহাট পর্যন্ত ৪০ কিলোমিটারে দীর্ঘদিন বাস চলাচল করছে। দুই বছর আগে অবৈধভাবে চলাচল শুরু করে তিন চাকার যান। এতে বাসের যাত্রী কমে যায়। এ নিয়ে বাসমালিক ও তিন চাকার যানমালিকদের মধ্যে বিরোধ শুরু হয়। দুই পক্ষের বিরোধ মেটানোর জন্য প্রশাসন কয়েক দফা চেষ্টা করে ব্যর্থ হয়। গত ১৩ ফেব্রুয়ারি আমতলী বাঁধঘাট চৌরাস্তায় বাস ও তিন চাকার যানের শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের লোকজন আহত হয়। আমতলী থানর পুলিশ উভয় পক্ষের বিরুদ্ধে একটি, বাসমালিক পক্ষ তিনটি এবং তিন চাকার যানের মালিকপক্ষ চারটি মামলা করে। এরপর গত দুই মাস উভয় পক্ষ নীরব থাকলেও গত সোমবার হঠাৎ করে বাসমালিকেরা ভাড়া অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দেন।
কয়েকজন যাত্রী জানান, বাসে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে এই অঞ্চলের যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। ভাড়া কমানোর জন্য যাত্রীদের পক্ষ থেকে মানববন্ধন পালনসহ কয়েক দফায় স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু কোনো ফল মেলেনি। বরগুনা জেলা বাস মালিক গ্রুপের লাইন সম্পাদক ওহিদুজ্জামান মৃধা মুঠোফোনে বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে ভাড়া অর্ধেক থেকে আরও কমানো হয়েছে। এ ছাড়া ২০ মিনিট পরপর বাস ছাড়া হচ্ছে।
আমতলী উপজেলা মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম মৃধা বলেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে ভাড়া কমানো হয়েছে এবং পাঁচ মিনিট পরপর গাড়ি ছাড়া হচ্ছে।