এবার অস্থায়ী জলাবদ্ধতা
সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরের জলাবদ্ধতা নিরসনে চলছে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে একাধিক প্রকল্পের কাজ। এর পরও রেহাই পাননি নগরবাসী। গত শনিবার রাতে টানা চার ঘণ্টার বৃষ্টিতে একাধিক এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। তবে চলতি মৌসুমে জলাবদ্ধতা বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই কমে গেছে বলেও নগরবাসী জানিয়েছেন।
শনিবার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের কমপক্ষে ১০টি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এলাকাগুলো হচ্ছে শিবগঞ্জ, সেনপাড়া, বারুতখানা, হাওয়াপাড়া, জিন্দাবাজার, মদিনামার্কেট, পাঠানটোলা, সুবিদবাজার, ভাতালিয়া ও মীরাবাজার। এসব এলাকার অধিকাংশ বাসাবাড়ি ও দোকানে বৃষ্টির পানি উঠে পড়ায় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন।
সিলেটের আবহাওয়া কর্মকর্তা আবু সাঈদ জানান, শনিবার দিনভর সর্বোচ্চ ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বেলা পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্তই রেকর্ড করা হয়েছে ৮০ মিলিমিটার, যা চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের জন্য সিটি করপোরেশনের একাধিক প্রকল্পের কাজ চলছে। এর আওতায় নগরের ছড়া-খাল অবৈধ দখলদারদের হাত থেকে উচ্ছেদের পাশাপাশি খননকাজও চলছে। আশা করছি প্রকল্পের কাজ শেষ হলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কেটে যাবে।’