এবার অ্যানথ্রাক্স চুয়াডাঙ্গায়
সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর, টাঙ্গাইল, পঞ্চগড় ও কুষ্টিয়ার পর এবার চুয়াডাঙ্গায়ও অ্যানথ্রাক্স (তড়কা)-এর সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। জেলার আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুর গ্রামে গত শনিবার একজন অ্যানথ্রাক্স আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিয়াকত হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেন।এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তিনজন ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আরও একজন অ্যানথ্রাক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।আমাদের অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-চুয়াডাঙ্গা: চরযাদবপুর গ্রামের আবদুর রহিমকে (৪৫) আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও গতকাল রোববার থেকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আবদুর রহিম জানান, এক সপ্তাহ আগে বড় ভাই রহুমুল হকের একটি অসুস্থ ছাগল জবাই করে মাংস কাটাকাটি করেন। এরপর তাঁর ডান হাতের আঙুলে ঘা হয় এবং জ্বর আসে। শনিবার আঙুল আরও ফুলে যায় ও জ্বরের তীব্রতা বাড়ে। তিনি আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকেরা জানান এটা অ্যানথ্রাক্স।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): জেলার শাহজাদপুর, বেলকুচি ও কামারখন্দের পর এবার উল্লাপাড়া উপজেলায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। গতকাল সেখানে তিনজন অ্যানথ্রাক্স রোগীকে শনাক্ত করা হয়েছে। এরা হলেন, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মনছুর আলী, আবদুল মমিন ও আবদুল জব্বার। এদের বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কুষ্টিয়া: জেলার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ধর্মদহ গ্রামে তালননেছা (৪৫) নামের আরও একজনের অ্যানথ্রাক্সের সংক্রমণ ধরা পড়েছে। তাঁকে গতকাল সকালে চিকিৎসা দেওয়া হয়েছে।