এবার অ্যান্টার্কটিকার শীর্ষে ওয়াসফিয়া
এভারেস্ট বিজয়ী বাংলাদেশি পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন এবার জয় করলেন অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ভিনসন ম্যাসিফ। ৪ জানুয়ারি স্থানীয় সময় বিকেল চারটায় তিনি ১৬ হাজার ৫০ ফুট উচ্চতার এই পর্বতে আরোহণ করেন।ওয়াসফিয়ার ফেসবুক পাতায় গতকাল শনিবার রাতে এ তথ্য দেওয়া হয়। তাঁর বাংলাদেশ অন সেভেন সামিট কর্মসূচির মুখপাত্র করভী রাখসান্দও এ তথ্য নিশ্চিত করেছেন। করভী প্রথম আলোকে বলেন, ‘ওয়াসফিয়া ভিনসন ম্যাসিফের চূড়ায় আরোহণের পর এখন বেসক্যাম্পে নেমে আসছেন। কাল (আজ রোববার) বেসক্যাম্পে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।’স্যাটেলাইট ফোনে করভীকে ওয়াসফিয়া বলেছেন, এ পর্যন্ত যে কটা পর্বতচূড়া তিনি আরোহণ করেছেন, এর মধ্যে এটাই ছিল সবচেয়ে কঠিন।ভিনসন ম্যাসিফ জয়ের মাধ্যমে ওয়াসফিয়া নাজরীন সেভেন সামিটের মধ্যে চার মহাদেশের চার শীর্ষ পর্বতচূড়ায় আরোহণ করলেন। গত ২৬ মে তিনি বাংলাদেশি দ্বিতীয় নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন। এর আগে তিনি ২০১১ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার অ্যাকোনকাগুয়া এবং ২০১১ সালের ২ অক্টোবর আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমানজারো আরোহণ করেন।বাংলাদেশ অন সেভেন সামিটের অভিযান হিসেবে ওয়াসফিয়া ভিনসন ম্যাসিফ অভিযান পরিচালনা করেন। এই অভিযানের পৃষ্ঠপোষকতা করে ব্র্যাক, সহযোগিতায় বিকাশ লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।