এবার আ.লীগের কার্যালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গত রোববার দিবাগত রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কার্যালয়টির আসবাব ও ঘরের কিছু অংশ পুড়ে গেছে। গতকাল সোমবার সকালে ঘটনাস্থল থেকে পেট্রলের একটি বোতল জব্দ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় মাছুয়া ইউনিয়নে গত নয় দিনে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বড় মাছুয়া স্টিমার ঘাট, খেজুরবাড়িয়া গ্রামের সঞ্জীব মুন্সীর বাড়ির খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। ৫ জানুয়ারি রাতে যুবলীগ ও শ্রমিক লীগের চার নেতার যৌথ মালিকানাধীন একটি ঘর পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ রোববার রাতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা। এসব অগ্নিকাণ্ডের ঘটনার জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতারা বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন। তবে বিএনপির নেতারা বলছেন, তাঁদের নেতা-কর্মীদের মামলা দিয়ে হয়রানি করতে আওয়ামী লীগের লোকজন নিজেরাই আগুন লাগিয়ে যাচ্ছেন।
পুলিশ ও আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে কার্যালয়টিতে তালা দিয়ে নেতা-কর্মীরা চলে যান। ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানী লোকজন কার্যালয়ের বাইরে আগুনের ধোঁয়া দেখতে পান। খবর পেয়ে আওয়ামী লীগের নেতারা এসে কার্যালয়টি খুলে ভেতরে আসবাব, শামিয়ানা ও টেলিভিশন পোড়া অবস্থায় দেখতে পান। আগুনে কার্যালয়টির একটি টিনের বেড়া ও পার্শ্ববর্তী একটি হোটেলের কিছু অংশ পুড়ে গেছে।
মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জি এম আবুল কালাম আজাদ বলেন, বড় মাছুয়া এলাকায় নাশকতারোধে পুলিশের টহল জোরদার করা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা যাচ্ছে না।