ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গাজীপুর বাজারে গত শুক্রবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সামীউল আলম ও মোর্শেদুজ্জামান সেলিমের ওপর হামলা হয়েছে।
হামলাকারীরা তাঁদের বহনকারী গাড়ি ভাঙচুর করে ও দুটি মোটরসাইকেলে আগুন দেয়। হামলার জন্য স্থানীয় সাংসদ মজিবুর রহমান ফকিরকে অভিযুক্ত করে শুক্রবার রাতেই গৌরীপুর থানায় লিখিত অভিযোগ করেন সামীউল আলম।
সাংসদ-সমর্থকেরা গত ২২ জুন ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদকে দিগম্বর করায় সাধারণ মানুষের সঙ্গে গৌরীপুর আওয়ামী লীগের একটি অংশ সাংসদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সামীউল আলম আন্দোলনে একাত্মতা ঘোষণা করেন। শুক্রবার রাতে সামীউলের ওপর হামলার আগে সন্ধ্যার দিকে সাংসদ-সমর্থক কয়েকজন নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে সামীউল ও মোর্শেদুজ্জামান গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক শেষে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় ফিরছিলেন। এ সময় তাঁদের গাড়ির সঙ্গে ছয়টি মোটরসাইকেল ছিল। পথে গাজীপুর বাজারে একটি গতিরোধকের কাছে ওত পেতে থাকা সাংসদ-সমর্থকেরা তাঁদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে গাড়ির কাচ ভেঙে যায়। গাড়িতে থাকা সামীউল সামান্য আহত হন। এ সময় গাড়ির সঙ্গে থাকা ছয়টি মোটরসাইকেলের মধ্যে দুটি আটকিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মোটরসাইকেলে থাকা আবুল বাশার নামের এক আওয়ামী লীগ কর্মী আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে গৌরীপুর পৌর শহরের সাংসদবিরোধী পক্ষ সশস্ত্র মহড়া দেয়। পরে পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সামীউল রাতেই থানায় লিখিত অভিযোগ করে ঢাকায় ফিরে যান।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী জানান, সামীউল আলম লিখিত অভিযোগে সাংসদ মজিবুর রহমান ফকিরকে অভিযুক্ত করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অভিযোগ সম্পর্কে জানতে সাংসদ মজিবুর রহমান ফকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সংযোগ কেটে দেন।