এবার আইনি নোটিশ পাঠালেন ১১ জন শিক্ষক-লেখক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা বাতিলে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে তিন মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও লেখকসহ ১১ ব্যক্তি। ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।
আইনসচিব, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সচিব এবং স্বরাষ্ট্রসচিবকে গতকাল বৃহস্পতিবার রেজিস্টার্ড ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। ওই ১১ জনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিশ পাঠান। এতে বলা হয়, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মত প্রকাশের স্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে, তার সঙ্গে আইসিটি আইনের ৫৭ ধারা সাংঘর্ষিক।
যে ১১ জন নোটিশ দিয়েছেন তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ কামাল, আকমল হোসেন, গীতি আরা নাসরিন, ফাহমিদুল হক, তানজীম উদ্দিন খান, সামিনা লুৎফা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সংস্কৃতিকর্মী অরূপ রাহী, লেখক রাখাল রাহা ও আব্দুস সালাম।
গত বুধবার সকালে ৫৭ ধারা বাতিল চেয়ে চার সচিবকে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। বিকেলে ওই ধারা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আরেক আইনজীবী। এরপর গতকাল ১১ ব্যক্তি তিন সচিবকে আইনি নোটিশ পাঠালেন।