এবার আতঙ্ক অনেক বেশি
রোববার। প্যারিসে সন্ত্রাসী হামলার তৃতীয় দিন। আবার সাপ্তাহিক ছুটিও বটে। সাধারণত সাপ্তাহিক ছুটির দিন দুপুরবেলা রেস্টুরেন্টগুলোতে ফরাসিদের ভিড় লেগে থাকে। গতকাল তেমনটা দেখিনি। অধিকাংশ রেস্টুরেন্ট ফাঁকা। লোক নেই বললেই চলে।
গতকাল রাতে আমার ফরাসি বন্ধু মারিয়ার সঙ্গে কথা হলো প্যারিসের বর্তমান পরিস্থিতি নিয়ে। মারিয়া বললেন, এই বছরের শুরুতে যখন শার্লি এবদোর সাংবাদিক নিহত হলেন আইএসের হাতে, তখনো এত নীরবতা ফরাসিদের মাঝে দেখা যায়নি। কারণ, এটা একটা সংবাদমাধ্যমের কর্মীকে কেন্দ্র করে হয়েছিল। কিন্তু এবারের হামলায় মানুষ খুবই আতঙ্কিত বোধ করছে। শতাধিক মানুষ মারা যাওয়া বিশাল ব্যাপার। যাঁরা মারা গেছেন, তাঁদের অধিকাংশ ছিলেন তরুণ-তরুণী। বর্তমান পরিস্থিতি সামলাতে প্যারিসবাসীর আরও সময় লাগবে।
এদিকে, সন্ত্রাসী হামলার ঘটনার পর আইফেল টাওয়ার পর্যটকদের জন্য ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সকালে আইফেল টাওয়ারে গেলাম। প্রচুর পর্যটক আছে বাইরে অন্য সময়ের মতো। এর চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাস্তায় এখনো মানুষের স্বাভাবিক চলাফেলা শুরু হয়নি। তবে সন্ত্রাসী হামলার ঘটনার পর সীমান্ত বন্ধ করে দেওয়ায় অনেক বিদেশি পর্যটক আটকে পড়েছেন। সিন নদীর পাড় দিয়ে হাঁটছিলাম, দেখলাম এক জুগল একে অপরকে আলিঙ্গন করে সান্ত্বনা দিচ্ছেন। তাঁদের পরিচিত একজনের সঙ্গে কথা বলে জানলাম, সেদিনের সন্ত্রাসী হামলায় এই জুগলের খুব প্রিয় এক বন্ধু নিহত হয়েছেন।