এবার আদেশ সংশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শাহনূর আলমকে (৪৩) নির্যাতন করে হত্যার অভিযোগে র‌্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে হত্যা মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত৷
পূর্ববর্তী একটি আদেশ সংশোধনের মাধ্যমে গতকাল রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা দায়রা ও জজ আদালতের হাকিম মোহাম্মদ কাউছার এই নির্দেশ দেন৷ এর আগে গত বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন৷ এর পরদিনই নাজমুন নাহারকে জেলার মুখ্য বিচারিক হাকিম মোস্তাক আহমেদ সাহ্দানী আমলি আদালত থেকে প্রত্যাহারের নির্দেশ দেন৷
জেলা দায়রা ও জজ আদালত সূত্রে জানা যায়, সেশন (দায়রা) মামলা হওয়ায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, ২০২ ধারায় শপথবাক্য পাঠ করে বাদীর বক্তব্য রেকর্ড করতে হবে৷ আর ২০২-এর (২ এ) ধারা অনুসারে অন্যান্য সাক্ষীর বক্তব্য রেকর্ড করা হবে৷ তাই তদন্ত সাপেক্ষে ওই মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
নবীনগরের বগডহর গ্রামের বাসিন্দা শাহনূর আলমকে নির্যাতন করে হত্যার অভিযোগে উল্লিখিত র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে গত সপ্তাহে আদালতের দ্বারস্থ হন তাঁর ভাই মেহেদী হাসান৷ এর পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুন নাহার বুধবার অধিকতর শুনানি শেষে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়কের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন৷ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন আদালত৷
আদালত সূত্রে জানা যায়, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) এনামুল হক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণের নির্দেশের বিরুদ্ধে বৃহস্পতিবার জেলা দায়রা ও জজ আদালতে মামলাটি মোশনের (নিম্ন আদালতের আদেশ পুনর্বিবেচনার অনুরোধ) আবেদন করেন৷
বাদীপক্ষের প্রধান আইনজীবী খায়রুল আনাম প্রথম আলোকে বলেন, ‘জেলা জজ আমলি আদালতের আদেশ পরিবর্তন করে এভাবে আদেশ (গতকালের তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণের আদেশ) দিতে পারেন না৷ এই আদেশ সম্পূর্ণ বেআইিন ও এখতিয়ারবহির্ভূত৷ যদি আমলি আদালতের আদেশ ঠিক হয়ে না থাকে, তাহলে জেলা জজ আদেশ পরিবর্তনের জন্য পুনরায় নিম্ন আদালতকে নির্দেশ দিতে পারতেন৷’
ওদিকে আসািমপক্ষের আইনজীবী কামরুজ্জামান অপু বলেন, ‘নিম্ন আদালতের আদেশের ওপর স্থিতাবস্থার জন্য জেলা জজ আদালতে আবেদন করা হয়েছে৷’ এভাবে মোশনের জন্য আবেদন করতে পারেন কি না, জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আদালত র্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন, তাই র্যাবের পক্ষ থেকে তিনি মোশনের জন্য আবেদন করেছেন৷
মামলায় (১ জুন নাজমুন নাহারের অাদালতে করা) র্যাব অধিনায়ক সাকিব সিদ্দিককে প্রধান আসামি করা হয়েছে৷ এ ছাড়া র‌্যাব-১৪-এর উপপরিদর্শক এনামুল হক, নবীনগরের কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলাম, উপজেলা সদরের আবু তাহেরসহ র্যাবের অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয় এই মামলায়৷