এবার আবদুল আলীমের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীকে বৈরী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার বৈরী রাষ্ট্রপক্ষের সাক্ষী। এবার বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষী আবেদ হোসেনকে বৈরী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে পর পর দুই দিন দুই মামলায় রাষ্ট্রপক্ষ নিজেদের সাক্ষীকে বৈরী ঘোষণা করল।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার আবেদ হোসেনকে বৈরী ঘোষণা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। এর আগে গত রোববার ট্রাইব্যুনাল-১-এ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষীকে বৈরী ঘোষণা করেছিল রাষ্ট্রপক্ষ।

গতকাল জবানবন্দিতে আবেদ হোসেন (৬৪) বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের চকবরকত গ্রামে। একাত্তরে তিনি ধলাহার উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাবা-মাসহ গ্রামের অনেকের সঙ্গে বাড়ি থেকে উত্তরে আনুমানিক দুই কিলোমিটার দূরে ভারতীয় সীমান্ত অতিক্রম করে পিরোজপুর শরণার্থী শিবিরে চলে যান। সেখানে কিছুদিন থাকার পর আবার বাড়ি ফিরে আসেন।

একাত্তরের ১৮ জুন শুক্রবার দুপুর ১২টা-সাড়ে ১২টার দিকে জুমার নামাজ পড়তে তিনি চকবরকত জামে মসজিদে যান। ছয় রাকাত নামাজ পড়ার পর তিনি দেখেন, পাকিস্তানি সেনারা মসজিদ ঘিরে ফেলেছে। সেনারা বলে, আর নামাজ পড়া হবে না, সবাই মসজিদ থেকে বের হয়ে আসেন। তাঁরা ১১-১২ জন মসজিদ থেকে বের হয়ে দেখেন, ১৫-১৬ জন পাকিস্তানি সেনা দাঁড়িয়ে আছে। মসজিদ থেকে দুই কিলোমিটার দূরে একটি স্থানে সেনারা একটি উল্টে যাওয়া ট্রাক তুলতে তাঁদের নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি আরও প্রায় ৫০০ লোক দেখেন। ওই লোকদের সঙ্গে তাঁরা ট্রাকটি তুলে দেওয়ার পর সবাইকে দুই কিলোমিটার দূরে আফাজের বাড়িতে আনা হয়। অন্যদের ছেড়ে দিয়ে সেখান থেকে ২৮ জনকে আলাদা করে চারটি লাইনে দাঁড় করানো হয় এবং গর্ত খুঁড়িয়ে নেওয়া হয়। পরে পাকিস্তানি সেনারা তাঁদের ক্রমান্বয়ে কোপ দিয়ে গর্তে ফেলে। কোপ খেয়ে তিনি নিজেও মারাত্মক আহত হয়ে জ্ঞান হারান। পরে জ্ঞান ফিরে এলে আহত অবস্থায় ওখান থেকে দুই কিলোমিটার দূরে ভারতে চলে যান এবং সেখানে চিকিৎসা নেন। দেশ স্বাধীনের পর ফিরে আসেন।

আবেদ হোসেন এই জবানবন্দির কোথাও আসামি আলিমের নাম বলেননি। রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মো. মোজাম্মেল হোসেন ১০ এপ্রিল ট্রাইব্যুনালে প্রায় একই ধরনের সাক্ষ্য দিয়েছিলেন। তবে তিনি সেখানে বলেছিলেন, আলিমের দেওয়া তালিকা দেখে পাকিস্তানি সেনারা তাঁদের নির্যাতন করে।

আবেদ হোসেনের জবানবন্দি শেষ হলে রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে বলেন, ‘আমরা এই সাক্ষীকে বৈরী ঘোষণা করছি, তাঁকে জেরা করতে চাই।’ ট্রাইব্যুনাল ওই আবেদন গ্রহণ করলে তিনি আবেদ হোসেনকে জেরা শুরু করেন।

কৌঁসুলি জানতে চান, তদন্ত কর্মকর্তা আপনাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন?

সাক্ষী বলেন, হ্যাঁ।

কৌঁসুলি: যখন ২৮ জনকে আলাদা করা হয়, তখন সেখানে রিয়াজ মৃধা উপস্থিত ছিলেন?

সাক্ষী: আমি দেখিনি।

কৌঁসুলি: রিয়াজ মৃধাকে আসামি আবদুল আলিম যে তালিকা দিয়েছিলেন, সেই তালিকা পাকিস্তানি সেনাদের দেওয়া হয়েছিল, তা দেখে আপনাদের আলাদা করা হয়েছিল।

সাক্ষী: এটা সত্য নয়।

কৌঁসুলি: আসামি আলিমের দ্বারা বশীভূত হয়ে আপনি সত্য গোপন করলেন।

সাক্ষী: এটা সত্য নয়।

কৌঁসুলি: আপনার কোন রাজনৈতিক দলের প্রতি বিশ্বাস আছে?

সাক্ষী: আমি তা বলতে পারব না, আমার বয়স হয়েছে।

জেরা শেষ হলে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২০ মে দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।