এবার আমলাদের নিয়ে অনুসন্ধান করবে দুদক
আমলাদের বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রথম পর্যায়ে চার সচিব, এক যুগ্ম সচিব ও একটি সংস্থার চেয়ারম্যানের বিষয়ে অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে দুদকের কমিশনার (তদন্ত) মো. শাহাব উদ্দিন বলেন, সম্প্রতি গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের কয়েকটি নাম নিয়ে গণমাধ্যম ও সরকারি মহলে তোলপাড় হচ্ছে। এঁদের মধ্যে কয়জন সত্যিকারের মুক্তিযোদ্ধা আর কয়জন ভুয়া, সেটা খতিয়ে দেখতেই দুদক বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
শুরুতে যাঁদের বিষয়ে তদন্ত হবে, তাঁরা হলেন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা, মুক্তিযুদ্ধবিষয়ক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এ কে এম আমির হোসেন, গৃহায়ণ ও গণপূর্তসচিব খোন্দকার শওকত হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম তালুকদার এবং প্রধানমন্ত্রীর সাবেক সচিব ও বর্তমানে বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, গত বছরের নভেম্বর থেকেই বিভিন্ন সূত্র থেকে মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে অভিযোগ এসেছে। চাকরির মেয়াদ বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সরকারি কর্মকর্তারা অনিয়মের মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেছেন বলে সরকারের উচ্চপর্যায়ে সমালোচনা হয়েছে। তবে নির্বাচনপূর্ব বিভিন্ন জটিলতা, পরে নির্বাচন ও সরকার গঠনসংক্রান্ত কারণে বিষয়টি নিয়ে কাজে নামতে কিছুটা দেরি হয়েছে।