
বাবাকে ছাড়া ঈদের নতুন জামা-জুতা কিনতে চায় না শিশু রাইতা ইসলাম (১২) ও আরওয়া ইসলাম (৩)। কিন্তু বাবা দীর্ঘ আট মাস ধরে নিখোঁজ। তাই এবার ঈদে নতুন পোশাকই কেনা হয়নি ওদের। অশ্রুসিক্ত স্বজনদের সঙ্গে রাইতা ও আরওয়াও এসেছিল রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে।
রাইতা ও আরওয়ার বাবা রাজধানীর ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম ওরফে সুমন। প্রায় আট মাস আগে একই রাতে র্যা ব-১ লেখা গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া ছয়জনের একজন। ঈদের আগে তাঁদের ‘ফিরিয়ে দেওয়ার’ আকুতি নিয়ে এ আটজনের স্বজনেরা ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন কয়েকজন বিশিষ্ট নাগরিক।
গত বছরের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যা ব-১ লেখা গাড়িতে সাজেদুলসহ ছয়জনকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। নিখোঁজ বাকি পাঁচজন হলেন: সাজেদুলের খালাতো ভাই জাহিদুল করিম ওরফে তানভীর, পূর্ব নাখালপাড়ার আবদুল কাদের ভূঁইয়া ওরফে মাসুম, পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম ওরফে রাসেল, মুগদাপাড়ার আসাদুজ্জামান ওরফে রানা এবং উত্তর বাড্ডার আল আমিন। এ ছাড়া ওই রাতেই কালো পোশাকধারী কয়েকজন ব্যক্তি শাহীনবাগ এলাকা থেকে ধরে নিয়ে যায় এ এম আদনান চৌধুরী ও কাওসার আহমেদ নামের দুই যুবককে। নিখোঁজ আটজনের মধ্যে জাহিদুল করিম ছাড়া বাকি সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।
স্বজনদের লিখিত বক্তব্য পাঠ করেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান। লিখিত বক্তব্যে বলা হয়, ‘আমাদের ঈদ নেই। ঈদের আনন্দ নেই। কারণ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের প্রিয় সন্তানদের প্রকাশ্যে কালো পোশাকধারী র্যা ব তুলে নিয়ে যাওয়ার আট মাস হতে চলল। কিন্তু আজও কোনো সন্ধান পাওয়া যায়নি।’
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ও মানবাধিকার সংগঠক আদিলুর রহমান।