এবার আমের ভালো ফলনের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জে এবারও আমের ভালো ফলনের আশা করা হচ্ছে। মুকুলে গুটিও আসা শুরু হয়েছে সপ্তাহ খানেক ধরে। কিন্তু রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাগান বেচাকেনা বন্ধ থাকায় আম ব্যবসায়ীরা হতাশ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, জেলার ২৪ হাজার ৪৬০ হেক্টর বাগানে ১৮ লক্ষাধিক গাছ রয়েছে। এর মধ্যে ৮৮ শতাংশ গাছে ভালো মুকুল এসেছে। প্রায় গাছে গুটি আসাও শুরু হয়েছে। আমের এ অবস্থা গত চার বছরের মধ্যে সবচেয়ে ভালো। এবার সর্বোচ্চ আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।
তবে এই ভালো অবস্থার মধ্যেও হাসি নেই আম ব্যবসায়ীদের মুখে। জেলায় আমের সবচেয়ে বড় বাজার হলো কানসাট। কানসাটের আমের আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। সামনে আমের মৌসুমেও এ পরিস্থিতির উন্নতি হবে কি না, এ নি্য়ে সংশয়ে ভুগছেন ব্যবসায়ীরা। ফলে আমবাগানের বেচাকেনা একেবারেই বন্ধ রয়েছে। অথচ এই সময়ের মধ্যেই বহু বাগান দু-তিনবার হাতবদল হতো। পরিস্থিতি এমন যে প্রয়োজনের তাগিদে কেউ ১০ টাকার বাগান বিক্রি করতে চাইলেও ক্রেতা খুঁজে পাচ্ছেন না।
কথা হয় আম ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের জাহাঙ্গীর আলম, শিয়ালমারা গ্রামের তাজেমুল হক, কানসাটের ইমরান আলী, সদর উপজেলার রামকৃষ্টপুর গ্রামের মো. সেলিমসহ ১০-১২ জনের সঙ্গে। তাঁরাও একই ধরনের কথা জানান।