এবার আরও বেশি 'বোমা' মেশিন, মরিয়া পাথর উত্তোলনকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভাসহ ছয় ইউনিয়নের ভেতর দিয়ে প্রবাহিত ধরলা ও সিংগীমারী নদী এলাকায় অবৈধ ‘বোমা’ মেশিন (যন্ত্র) দিয়ে পাথর তোলা এখনো চলছেই। প্রশাসন গত মাসের শেষের দিকে অভিযান চালানোয় কিছুদিন বন্ধ থাকার পর এবার আরও জোরেশোরে পাথর তোলা শুরু হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
সরেজমিনে সোমবার উপজেলার বুড়িমারী ইউনিয়নের পেডিরপাড় এলাকা ঘুরে ধরলা নদীতে একসঙ্গে সাতটি বোমা মেশিন চলতে দেখা গেছে। এ সময় সেখানে থাকা একটি মেশিনের মালিক রাশেদুল বলেন, ‘এখানে আমাদের ছয় ভাইয়ের ছয়টি মেশিন চলছে। সবাই তো পাথর তোলে। তাই আমরাও তুলছি। এটা ভালো না খারাপ জানি না।’ তিনি আরও বলেন, ‘সামনে মাশানটারীতে যান। দেখবেন ওই খানে ১৬টা মেশিন চলছে।’
২ নম্বর পাটগ্রাম ইউনিয়নের বাংলাবাড়ী এলাকার বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জামিল হোসেন বলেন, ‘অভিযানের আগে যেখানে একটি মেশিন দেখেছি, এখন সেখানে দেখছি দুটি। আসলে অভিযানের কারণে যে দু-এক দিন পাথর তোলা বন্ধ ছিল, সে ক্ষতি পুষিয়ে নিতে বেপরোয়া হয়ে পড়েছেন পাথর ব্যবসায়ীরা।’
ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল ওহাব প্রধানও বলেন, ‘জোংড়া ও কুচলিবাড়ীতে অভিযান চালানোর পর ওখানে পাথর তোলা কিছুটা কমে আমার এলাকায় বেড়ে গেছে। বিষয়টি ৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।’
উপজেলা প্রশাসন থেকে জানায়, গত ২৭ ও ২৮ জানুয়ারি সিংগীমারী নদীর কুচলিবাড়ী ইউনিয়নের সমশেরপুর ও ধরলা নদীর জোংড়া ইউনিয়নের ডাংগিরপার এলাকায় ইউএনও রফিকুল হকের নেতৃত্বে পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালায়। তখন মালিকবিহীন চারটি মেশিন আটক করে খাদে ফেলে দেওয়া হয়। তবে এগুলোর মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইউএনও বলেন, ‘বোমা মেশিন’ উচ্ছেদে আরও জোরদার অভিযান চালানো হবে। প্রথম আলোর বিশাল বাংলায় গত ২৫ জানুয়ারি ‘বোমা’ মেশিনে পাথর তোলা-সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।