এবার আরও বড় পরিসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ ভবনের সামনে গত মঙ্গলবার ‘আলপনায় বৈশাখ ১৪২১’-এর নকশা স্মারক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম সারিতে (বাঁ থেকে) অশোক কর্মকার, আলী যাকের, রূপালী চৌধুরী, কাইয়ুম চৌধুরী, মনিরুজ্জামান। পেছনের সারিতে (বাঁ থেকে) সমরজিৎ রায়চৌধুরী, রাজনিশ কওল, মতিউর রহমান, সাদেক নাওয়াজ । ছবি: প্রথম আলো

আগের বছরের চেয়ে আরও বড় পরিসরে এবারের ‘আলপনায় বৈশাখ-১৪২১’ পালিত হবে। প্রথম আলো ও এয়ারটেলের যৌথ উদ্যোগে এবং বার্জার পেইন্টসের সহযোগিতায় জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে এ আলপনা আঁকা হবে। দেশের খ্যাতনামা চারজন চিত্রশিল্পী এ আলপনা আঁকায় নেতৃত্ব দেবেন। বহু তরুণ শিল্পী এতে অংশ নেবেন। তবে এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে। অর্থাৎ সবাই আঁকতে পারবেন। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে ‘আলপনায় বৈশাখ ১৪২১’-এর নকশা স্মারক উন্মোচন করা হয়। এ বছরের নকশা এঁকেছেন শিল্পী মনিরুজ্জামান। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল, শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, মনিরুজ্জামান, অশোক কর্মকার, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, এশিয়াটিক থ্রি সিক্সটির চেয়ারম্যান আলী যাকের এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।
১৪২১ বঙ্গাব্দের পয়লা বৈশাখকে স্বাগত জানাতে ১৩ এপ্রিল রাত নয়টা থেকে আলপনা আঁকা শুরু হবে। আয়োজকেরা আশা করছেন, ৩৫ থেকে ৪০ হাজার মানুষ এ আলপনা উৎসবে যোগ দেবেন। ১৪১৯ বঙ্গাব্দে (২০১২ খ্রি.) ‘আঁকব আমরা দেখবে বিশ্ব’ আলপনায় পয়লা বৈশাখ উদ্যাপন শুরু হয়।