এবার আলীমের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম

এবার বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য অপেক্ষার পালা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এই মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষাধীন রেখেছেন।এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি মামলার কার্যক্রম শেষ করলেন ট্রাইব্যুনাল-২। এর মধ্যে চারটির রায় ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনাল-১-এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার রায়ও অপেক্ষাধীন। এই ট্রাইব্যুনাল ইতিমধ্যে দুটি মামলার রায় দিয়েছেন। বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্র ও আসামি-পক্ষের যুক্তি উপস্থাপন গতকাল শেষ হয়। যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল বলেন, যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হবে।

মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

ট্রাইব্যুনাল আলীমের জামিন বহাল রাখার আবেদন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষ গতকাল আসামিপক্ষের যুক্তির আইনি জবাব দেয়। আইনি জবাবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বলেন, পাকিস্তানি মেজর আফজাল কাল্পনিক চরিত্র নয়। আলীম জয়পুরহাটে তাঁর সঙ্গে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করেছেন। একাত্তরের মুক্তিযুদ্ধকালে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের জন্য যে ১৯৫ জন পাকিস্তানি সেনাকে চিহ্নিত করা হয়েছিল তাতে মেজর আফজালের নামও ছিল। তিনি বলেন, আলীম একাত্তরে আত্মগোপন করে ছিলেন এটা আসামিপক্ষের সাক্ষীদের সাক্ষ্যে প্রমাণিত হয়নি।তুরিন আফরোজ বলেন, জয়পুরহাট রেলস্টেশনে আটক মুক্তিযোদ্ধাদের পেছনে মেজর আফজালের সঙ্গে আলীমের ছবি আছে। এই ছবির চিত্রগ্রাহকও ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। একজন শিক্ষিত ব্যক্তির কাছে সভ্যতার প্রত্যাশা অনেক। কিন্তু আলীম শিক্ষিত হয়েও বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ করে সভ্যতার বিরুদ্ধে কাজ করেছেন।রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, ‘আমরা এই ট্রাইব্যুনালে ৮৩ বছর বয়সী আলীমের বিচার চাইছি না। একাত্তরের ৪২ বছর বয়সী আলীমের বিচার চাইছি। তাই তাঁর বিচারের ক্ষেত্রে বর্তমান বয়স বিবেচনা না করার আরজি জানান কৌঁসুলি। তিনি আলীমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। এরপর আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক শারীরিক অবস্থা বিবেচনা করে মামলার রায় না হওয়া পর্যন্ত আলীমের জামিন বহাল রাখার আবেদন জানান। ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে আলীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে তাঁকে সব ধরনের চিকিৎসাসুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আলীমকে ২০১১ সালের ২৭ মার্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় জয়পুরহাটের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ৩১ মার্চ শারীরিক অবস্থার কারণে তাঁকে জামিন দেন ট্রাইব্যুনাল-১। গত বছরের ২৭ মার্চ আলীমের বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনাল-১ আমলে নেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়। ওই বছরের ১১ জুন ট্রাইব্যুনাল-২ আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগ গঠন করেন। এর মধ্যে গণহত্যার তিনটি অভিযোগ রয়েছে। এগুলো হলো, জয়পুরহাটের কড়ই কাদিপুর গ্রামে ৩৭০ জন হিন্দুকে হত্যা, উত্তর হাটশহরে নয়জনকে এবং জয়পুরহাট চিনিকলে বিচার বসিয়ে ২৫ জনকে হত্যা। অন্যান্য অভিযোগের মধ্যে হত্যার ১০টি এবং দেশান্তরকরণের একটি অভিযোগ আনা হয়েছে।

এই মামলায় গত বছরের ৬ আগস্ট রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং রাষ্ট্রপক্ষের ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয় চলতি বছরের ২২ আগস্ট। আসামিপক্ষের তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় ২৭ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। রাষ্ট্রপক্ষ ৪ সেপ্টেম্বর থেকে চার কার্যদিবস এবং আসামিপক্ষ ১৫ সেপ্টেম্বর থেকে পাঁচ কার্যদিবস যুক্তি দেয়। গতকাল রাষ্ট্রপক্ষের আইনগত যুক্তি উপস্থাপন শেষে রায় অপেক্ষাধীন (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল-২ ইতিপূর্বে চারটি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে চলতি বছরের ২১ জানুয়ারি জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ, ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন, ৯ মে দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও ১৭ জুলাই সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর মধ্যে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিলের নিষ্পত্তিও হয়ে গেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আপিল বিভাগ ১৭ সেপ্টেম্বর রায়ে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

এদিকে ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ ও ১৫ জুলাই দলটির সাবেক আমির গোলাম আযমকে বয়স বিবেচনায় ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন এই ট্রাইব্যুনাল।