এবার আলু চাষির পেছনে ছুটছে হিমাগার কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকেরা প্রতিবছর আলু সংরক্ষণের জন্য বিভিন্ন হিমাগারে ধরনা দিতেন। হিমাগারের বাইরে থাকত আলুভর্তি ট্রাকের লম্বা সারি। বিভিন্ন হিমাগার-সংলগ্ন সড়কে লেগে থাকত যানজট। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ভালো দাম পাওয়ায় কৃষকেরা আলু হিমাগারে না রেখে বিক্রি করে দিচ্ছেন। ফলে উল্টো হিমাগার কর্তৃপক্ষই ছুটছে আলুচাষিদের পেছনে। আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় আলুর ব্যাপক ফলন হয়েছে। পাশাপাশি বাজারে বর্তমানে আলুর দামটাও তুলনামূলক বেশি। এবার প্রতিমণ আলু ২৫০ টাকা থেকে ৪২০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। দাম ভালো পাওয়ায় চাষিরা আলু হিমাগারে সংরক্ষণে না রেখে বিক্রি করে দিচ্ছেন। তা ছাড়া প্রতিবস্তা আলু রাখার জন্য গত বছর হিমাগার ভাড়া ছিল ৩০০ টাকা। এবার তা ৫০ টাকা বেড়ে ৩৫০ টাকায় দাঁড়িয়েছে। হিমাগারের ভাড়া বৃদ্ধির কারণেও কৃষকেরা আলু সংরক্ষণে অনীহা দেখাচ্ছেন। উপজেলার উথলী গ্রামের আলুচাষি আবু জাফর জানান, গত মৌসুমে হিমাগারে রাখার সুযোগ না পেয়ে তিনি তাঁর উৎপাদিত আলু লোকসানে বিক্রি করে দিতে বাধ্য হন। কিন্তু এবার আলু সংরক্ষণের জন্য উল্টো হিমাগার মালিকেরাই তাঁর পেছনে ধরনা দিচ্ছেন।স্থানীয় একটি হিমাগারের প্রতিনিধি নুরুল আমিন বলেন, ‘প্রতিবছর মানুষ আসতেন আমার কাছে আগাম স্লিপ নেওয়ার জন্য। এবার আমি গিয়েও লক্ষ্যমাত্রা অনুযায়ী স্লিপ বিতরণ করতে পারছি না।’ শিবগঞ্জ হিমাগারের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, উপজেলার মোট ১২টির মধ্যে বেশির ভাগ হিমাগারেই এখনো পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী আলু ঢোকেনি। তবে সময় আরও আছে। দেখা যাক কী হয়।শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ১৮ হাজার হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে।