এবার আলুচাষিদের পিছু ছুটছে হিমাগার
গত মৌসুমে চার বিঘা জমিতে বীজ আলু আবাদ করেছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া গ্রামের আহসান হাবিব। উৎপাদিত বীজ আলু সংরক্ষণের জন্য একের পর এক হিমাগারে হন্যে হয়ে ঘুরেও আলু সংরক্ষণের আগাম স্লিপ সংগ্রহ করতে পারেননি তিনি। উপায় না দেখে লোকসানের বোঝা মাথায় নিয়ে উৎপাদন খরচের তুলনায় কম দরে সব বীজ আলু বিক্রি করে দেন।তবে এবার কৃষকেরা নন, হিমাগারের মালিকেরা হিমাগারে আলু সংরক্ষণের জন্য উল্টো আহসান হাবিবের পেছনে ধরনা দিচ্ছেন। আহসান হাবিব জানান, গত মৌসুমে ঠাকুরগাঁও অঞ্চলে ব্যাপক আলুর আবাদ হওয়ায় আলুর বাজারদর পড়ে যায়। কৃষকেরা পরবর্তী সময়ে বেশি লাভের আশায় তাঁদের উৎপাদিত আলু প্রতি বস্তা (৮৪ কেজি) ৩০০ টাকায় হিমাগারে সংরক্ষণ করেন। কিন্তু আলুর বাজার চাঙা না হওয়ায় হিমাগারের ভাড়া পরিশোধ করতে গিয়ে লোকসানের আশঙ্কায় সংরক্ষিত আলু হিমাগারেই ফেলে রাখেন অধিকাংশ কৃষক। ফলে কৃষকদের কাছ থেকে ভাড়া না পেয়ে হিমাগারের মালিকেরাও লোকসানের মুখে পড়েন। লোকসানের আশঙ্কায় কৃষকেরা আলুর আবাদ না করে চলতি মৌসুমে অন্য ফসল আবাদের দিকে ঝুঁকে পড়েন। ফলে চলতি মৌসুমে হিমাগার ফাঁকা থাকতে পারে—এ আশঙ্কায় হিমাগারের মালিকেরা আলুচাষিদের বাড়ি বাড়ি গিয়ে আলু সংরক্ষণের জন্য উদ্বুদ্ধ করছেন। পাশাপাশি হিমাগার মালিক সমিতির বেঁধে দেওয়া বস্তাপ্রতি ৩২০ টাকা দরের চেয়ে কম দর নেওয়া হবে বলেও অঙ্গীকার করছে।গত বুধবার পর্যন্ত জেলার সর্ববৃহৎ হিমাগার রাজ্জাক স্পেশালাইজড কোল্ড স্টোরেজে নয় হাজার টন ধারণক্ষমতার বিপরীতে এক হাজার ৭৭৬ টন, রাহবার কোল্ড স্টোরেজে ১০ হাজার টনের বিপরীতে আগাম স্লিপ বিক্রি হয়েছে চার হাজার ৬০০ টনের, লক্ষ্মী কোল্ড স্টোরেজে নয় হাজার ৫০০ টনের বিপরীতে তিন হাজার ৩০০ টনের, হাওলাদার হিমাগারে আট হাজার ৫০০ টনের বিপরীতে সাড়ে চার হাজার টন ও এসবি এগ্রো ইন্ডাট্রিজে ১২ হাজার টনের বিপরীতে বিতরণ করা হয়েছে চার হাজার ৮০ টনের আলুর স্লিপ।ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের চাষি রণজিৎ বর্মণ তিন বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। তিনি বলেন, ‘গেলবার হামরা কোল্ড স্টোরে আলু রাখার তানে সবঠে ঘুরিয়াও স্লিপ পাইনি। আর এলা হামার বাড়িত আসিয়া কোল্ড স্টোরের সাহেবরা আলু রাখিবার তানে হাত ধরে অনুরোধ করিবার লাগিছে।’ সদর উপজেলার মহেশপুর গ্রামের আরেক চাষি রাজিউর রহমান বলেন, আলু নেওয়ার জন্য হিমাগারগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। বস্তাপ্রতি ২০-৩০ টাকা কমিয়ে দেওয়ার আশ্বাসও দিচ্ছে কেউ কেউ। সদর উপজেলার মাটিগারা গ্রামের কৃষক গোবিন্দ বর্মণ হিমাগার কর্তৃপক্ষের প্রতিযোগিতা প্রসঙ্গে বলেন, হিমাগারের মালিকদের প্রতিযোগিতা দেখে ভালোই লাগছে।এসবি এগ্রো ইন্ডাট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহাঙ্গীর আলম বলেন, লোকসানের আশঙ্কায় চলতি বছর ৩০ থেকে ৪০ শতাংশ কৃষক আলুর আবাদ ছেড়ে দিয়েছেন। এ অবস্থায় হিমাগারের মালিকেরা কিছুটা কৌশল নিয়েছেন, এটা সত্য।ঠাকুরগাঁও কৃষি সমপ্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা যায়, জেলায় এ বছর ২৫ হাজার ৯০০ হেক্টর জমি আলু চাষের আওতায় আনা হলেও আবাদ হয়েছে ২১ হাজার ৬০০ হেক্টর। এ বছর মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা চার লাখ ৬৮ হাজার ৭৯০ টন। গত মৌসুমে ২৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে আলুর আবাদ করে উৎপাদন হয় ছয় লাখ ২১ হাজার ৭৬৭ টন।