এবার আলুচাষির পেছনে ছুটছে তারা
রংপুরের তারাগঞ্জ উপজেলার কৃষকেরা প্রতিবছর আলু সংরক্ষণের জন্য বিভিন্ন হিমাগারে ধরনা দিতেন। হিমাগারের বাইরে থাকত আলুভর্তি ট্রাকের লম্বা সারি। বিভিন্ন হিমাগার-সংলগ্ন সড়কে লেগে থাকত যানজট। কিন্তু এবার চিত্র পাল্টেছে। গত বছর হিমাগারে রেখে লোকসান হওয়ায় এ বছর ফলন কম হলেও ভালো দাম পেয়ে কৃষকেরা আলু বিক্রি করে দিচ্ছেন। আর এ কারণে কর্তৃপক্ষ হিমাগারে আলু সংরক্ষণ করতে কৃষকদের পেছনে ছুটছে।
আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর আলু চাষ করে লোকসান হওয়ায় অনেকে আলুর বদলে অন্য ফসলের চাষ করেছেন। এ কারণে গত বছরের তুলনায় তারাগঞ্জে এ বছর ৯২০ হেক্টর জমিতে আলুর চাষ কম হয়েছে। তা ছাড়া চাষিরা এ বছর লাগানো আলুর তেমন যত্নও নেননি। এ কারণে ফলন কম হয়েছে। গত বছর একরে ২২০ মণ ফলন হলেও এবার হয়েছে ১৬০ থেকে ১৪০ মণ। কিন্তু বাজারে বর্তমানে আলু দাম তুলনামূলক বেশি। এবার প্রতি মণ লাল জাতের আলু ৪৫০ থেকে ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম ভালো পাওয়ায় চাষিরা আলু হিমাগারে সংরক্ষণ না করে বিক্রি করে দিচ্ছেন।
তারাগঞ্জ উপজেলার বারাতী গ্রামের কৃষক আজমাল হোসেন জানান, গত বছর ৩৩ হাজার টাকা খরচ করে ৬০ শতাংশ জমিতে সাদা জাতের আলু পান ৬০ বস্তা। বেশি দাম পাওয়ার আশায় তিনি সেই আলু হিমাগারে বস্তাপ্রতি ৩২০ টাকায় ভাড়ায় রাখেন। কিন্তু আলুর বাজারে ধস নামায় তিনি হিমাগার থেকে ওই আলু উত্তোলন করেননি। পরে হিমাগারের মালিক এক টাকা কেজি দরে তাঁর আলু বিক্রি করে ভাড়ার টাকা কেটে নেন। তাই এ বছর তিনি জমিতেই প্রতি বস্তা লাল জাতের আলু ৮৬০ টাকা করে বিক্রি করে দিয়েছেন।
বামনদীঘি গ্রামের আলুচাষি আসাদুজ্জামন জানান, গত মৌসুমে হিমাগারে রাখার সুযোগ না পেয়ে তিনি তাঁর উৎপাদিত আলু লোকসানে বিক্রি করে দিতে বাধ্য হন। কিন্তু এবার আলু সংরক্ষণের জন্য হিমাগারের মালিকেরাই উল্টো তাঁর পেছনে ধরনা দিচ্ছেন।
সিনহা হিমাগারের ব্যবস্থাপক দুলাল হোসেন বলেন, ‘প্রতিবছর আগাম স্লিপ নিতে আলুচাষিরা আমার কাছে আসতেন। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আমরাই উল্টো তাঁদেরকে হিমাগারে আলু রাখতে অনুরোধ করছি।’
এনএন হিমাগারের ব্যবস্থাপক আনোয়ারুল হক জানান, গত বছর এ সময় তাঁদের হিমাগারে এক লাখ ৫০ হাজার বস্তা আলু রাখা হয়েছিল। এ বছর মাত্র ৩০ হাজার বস্তা আলু পেয়েছেন। বর্তমান প্রতি বস্তা আলুর বিপরীতে ৩৫০ টাকা ঋণ দিয়ে ও ৫০ টাকা ভাড়া কমেও আলু পাচ্ছেন না।
তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র বলেন, গত বছর তিন হাজার ৪০০ হেক্টর জমিতে আলুর চাষ হয়। এ বছর হয়েছে দুই হাজার ৪৮০ হেক্টর জমিতে। ফলনও হয়েছে গত বছরের তুলনায় অনেক কম।