এবার আল-কায়েদার নজর এই ভূখণ্ডে
ভারত, বাংলাদেশ, মিয়ানমারসহ গোটা উপমহাদেশে আল-কায়েদা তাদের ডানা বিস্তারের পরিকল্পনা নিল। আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির ৫৫ মিনিটের এক ভিডিওতে তাদের সংগঠন বিস্তারের এই পরিকল্পনার কথা বলা হয়েছে। জাওয়াহিরি বলেছেন, ভারতীয় উপমহাদেশে জিহাদের পতাকা তুলে আল-কায়েদা ইসলামি শাসন প্রতিষ্ঠা করবে। এই অঞ্চলের মুসলিম জনতাকে এক করতে যাবতীয় কাল্পনিক সীমানা তারা মুছে দেবে।
ভিডিওটি গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই কালক্ষেপণ না করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। দেশের গোয়েন্দাপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে দু-তিন দিনের মধ্যেই আল-কায়েদার পরিকল্পনা-সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করতে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে সজাগ করে দিয়ে বলা হয়েছে, নিরাপত্তা জোরদার করতে যাবতীয় সব কিছু যেন করা হয়। কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে তথ্যের আদান-প্রদানের ওপর জোর দিতে বলা হয়েছে।
বৈঠকের পর রাজনাথ সিং বলেন, প্রাথমিকভাবে গোয়েন্দারা মনে করছেন, ভিডিওটি বিশ্বাসযোগ্য। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কোনো এক স্থানে সেটি তোলা হয়েছে। গোটা বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরকে জানানো হয়েছে। জাওয়াহিরি তাঁর ভাষণে যে রাজ্যগুলোর নাম করেছেন (আসাম, গুজরাট ও কাশ্মীর), তাদের বিশেষ সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওসামা বিন লাদেন প্রতিষ্ঠিত আল-কায়েদা এত দিন ভারতীয় উপমহাদেশের দিকে নজর দেয়নি। সেই সংগঠন হঠাৎ কেন এভাবে বাংলাদেশ, ভারত, মিয়ানমারের সীমানা মুছে ইসলামি শাসন কায়েমের ইচ্ছা প্রকাশ করল? কেন এই অঞ্চলে সংগঠন বাড়াতে সচেষ্ট? গোয়েন্দাদের ধারণা, সিরিয়ার সুন্নি জঙ্গি সংগঠন আইএস তাদের ক্রমশ কোণঠাসা করে দিচ্ছে বলেই তারা সংগঠন বাড়াতে উপমহাদেশের দিকে তাকিয়েছে। আইএস ক্রমশই আল-কায়েদার চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে জিহাদিদের কাছে। গোয়েন্দারা মনে করছেন, জাওয়াহিরির এই আহ্বান এই দেশে ইতিমধ্যে যেসব জঙ্গি সংগঠন রয়েছে, তাদের উৎসাহিত করে তুলবে। বিশেষ করে কাশ্মীর উপত্যকায়, যেখানে আবার ছয় বছরের জন্য রাজ্য বিধানসভার নির্বাচন এই বছরের শেষে হতে চলেছে। এ-ও মনে করা হচ্ছে, আসামসহ ভারত-বাংলাদেশের সীমান্ত অঞ্চল, কাশ্মীর ও মিয়ানমারে ইসলামের একটা সংকট চলছে বলে আল-কায়েদাপ্রধান মনে করছেন। তিনি গুজরাটের নাম করেছেন এই কারণে যে সেই রাজ্যে দাঙ্গায় বহু মুসলিমের মৃত্যু হয়েছিল এবং সেই রাজ্যের মানুষই ভারতের প্রধানমন্ত্রী।
ভারতে যে জঙ্গি সংগঠনগুলো সক্রিয়, তাদের মধ্যে প্রধান হলো ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) ও হুজি। আইএমের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভাটকাল গত বছরে ধরা পড়ে এখন জেলবন্দী। সম্প্রতি ভারতীয় গোয়েন্দাদের মুখে তিনি স্বীকার করেছেন, তাঁদের বেশ কিছু সদস্য পাকিস্তানে আল-কায়েদায় যোগ দিয়েছে। এই স্বীকারোক্তির চেয়েও যে তথ্যে গোয়েন্দারা বিস্মিত, তা আইএসে যোগ দিতে ভারত থেকে বেশ কিছু মুসলিম যুবকের চলে যাওয়া। এ রকম এক যুবক সম্প্রতি ইরাকে মারাও গেছে। রাজনাথ সিংয়ের বৈঠকে এ ঘটনার উল্লেখ করে গোয়েন্দারা বলেন, ভারতে সে রকম প্রভাব না থাকলেও ইসলামি শাসনের টানে ভারতীয় যুবকদের আইএসে যোগ দিতে দেশত্যাগী হওয়া জাওয়াহিরিকে ভাবিয়েছে। সংগঠন বাড়াতে তাই তিনি এই উপমহাদেশের বিপুল মুসলিম জনতার দিকে নজর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা এখনো আল জাওয়াহিরিকে ছুঁতে পারেনি। কিন্তু ৬৩ বছরের এই জঙ্গি নেতার মাথার দাম আড়াই কোটি মার্কিন ডলার।