এবার আশুরায় তাজিয়া মিছিল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহররম উপলক্ষে প্রতিবছরের মতো বিহারি সম্প্রদায়ের মানুষ নিজেদের আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিচ্ছে। তৈরি করা হচ্ছে রঙিন কাগজ দিয়ে তাজিয়া। হাউজিং এলাকার ৭ নম্বর বিহারি ক্যাম্প, খুলনা, ১৭ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এবার পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে। আজ মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে এর আগে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে।

একই সঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে প্রয়োজনীয় সব ধর্মীয় আচার-অনুষ্ঠান প্রতিপালিত হবে।

হিজরি মহররম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকে। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।