এবার আড়াই ঘণ্টা ডুবোচরে আটকা চারটি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ডুবোচরে এবার আটকা পড়েছে চারটি জাহাজ। গতকাল শনিবার সেন্ট মার্টিন থেকে ফেরার পথে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এলসিটি কুতুবদিয়া ও বে-ক্রুজ নামের চারটি জাহাজ বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকার ডুবোচরে আড়াই ঘণ্টার মতো আটকে ছিল।
এর আগে গত বুধবার জাহাজ এলসিটি কাজল একই এলাকায় চার ঘণ্টা আটকে ছিল।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে চারটি জাহাজ সেন্ট মার্টিন জেটিঘাট থেকে টেকনাফের উদ্দেশে ছেড়ে আসে। প্রায় ৫৫ মিনিট পর নাইক্ষ্যংদিয়া এলাকায় একে একে কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এলসিটি কুতুবদিয়া ও বে-ক্রুজ জাহাজ ডুবোচরে আটকে পড়ে। বিকেল পাঁচটার পর জোয়ারে জাহাজ চারটি ভেসে উঠলে সেগুলো টেকনাফের উদ্দেশে যাত্রা করে।
ডুবোচরে আটকে পড়া জাহাজ কেয়ারি সিন্দাবাদে ছিলেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান নুর আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, চারটি জাহাজে দেড় হাজারের বেশি পর্যটক ছিলেন। এ ছাড়া স্থানীয় যাত্রী ছিলেন ১৫০ জনের মতো। তিনি বলেন, একে একে ডুবোচরে চারটি জাহাজ আটকে পড়ে। এ সময় অনেক পর্যটক আতঙ্কিত হয়ে পড়েন।
নুর আহমদ বলেন, এই নৌপথে নাব্যতা কমে গেছে। নৌপথ খনন করা খুবই জরুরি। তিনি জানান, জোয়ার আসার পর জাহাজ চারটি ভেসে ওঠে। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে টেকনাফের উদ্দেশে জাহাজগুলো যাত্রা করে। রাত সাড়ে সাতটার দিকে সেগুলো টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছায়।
কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগরের নাইক্ষ্যংদিয়া এলাকাটি বিপজ্জনক হয়ে পড়েছে। জোয়ারের পানি কমে গেলে সেখানে জাহাজ আটকা পড়ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে একাধিক ডুবোচর জেগে ওঠায় জাহাজ আটকা পড়ছে। পর্যটকদের কথা বিবেচনা করে শিগগিরই এই নৌপথে খননের ব্যবস্থা নেওয়া দরকার। না হলে এ পথে যেকোনো সময় পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যেতে পারে।