এবার ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মামলা
এবার ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। গত মঙ্গলবার রাতে তিনি সোনাগাজী থানায় এ মামলা করেন।প্রসঙ্গত, গত মঙ্গলবার একটি ঋণ বিতরণ অনুষ্ঠানে সোনাগাজীর ইউএনও এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আনামকে আসামি করে মামলা করেন ইউএনও মো. মাহবুব আলম।এদিকে ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল বুধবার উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তা প্রত্যাহার করে নেওয়া হয়। বিকেলে তাঁরা জেলা প্রশাসকের বরাবরে সঞ্চারকলিপি দেন।সোনাগাজী থানা সূত্র জানায়, ইউএনও মো. মাহবুব আলম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজিম উদ্দিনকে সরকারি কাজে বাধাদান ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কামরুল আনামকে আসামি করে মামলা করা হয়। পরে কামরুল আনাম ইউএনও এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে পাল্টা মামলা করেন। দুটি মামলাই গতকাল রেকর্ড করা হয়েছে। মামলা দুটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই সৈয়দ আক্তার হোসেনকে।কামরুল আনামের অভিযোগে বলা হয়, ‘মঙ্গলবার সকালে একটি অনুষ্ঠানে ৫০ জন জমায়েত হলেও ২০০ জনের খাবারের টাকা বরাদ্দ করা হয়। বাকি লোকের খাবারের টাকা কোথায় গেল, তা জানতে চাইলে তাঁরা ক্ষিপ্ত হয়ে মাইকস্ট্যান্ড নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’ সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে।