এবার ইউনূসের সমালোচনায় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফরোজ চুমকি
মেহের আফরোজ চুমকি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে বলেছেন, ড. ইউনূস সমকামিতার পক্ষে বক্তব্য দিয়েছেন।বিষয়টি নিয়ে তিনি উদগ্রীব।আজ বৃহস্পতিবার মহিলাবিষয়ক অধিদপ্তরের মিলনায়তনে মহিলা অধিদপ্তর আয়োজিত এক কর্মশালায় প্রতিমন্ত্রী ড. ইউনুসের সমালোচনা করেন। প্রতিমন্ত্রী বলেন,‘ইউনূস নারীর ক্ষমতায়নে দীর্ঘদিন কাজ করলেও শফী হুজুর যখন নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন, তখন কোনো কথা বলেন না।হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী যেসব বক্তব্য দিয়েছেন তা পুরুষদের জন্যও অপমানজনক। নোবেলজয়ী ইউনূসদের মতো পুরুষ যাঁরা অনেক কথা বলতে পারেন, তাঁরা কেন কথা বলছেন না, তা জানতে হবে।’

নারীর ক্ষমতায়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ক এ কর্মশালায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন। মহিলা অধিদপ্তরের পরিচালক কামাল উদ্দিন মহিলা মন্ত্রণালয় ও অধিদপ্তরের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান।

কর্মশালায় মুখ্য আলোচক প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক শাহ আলমগীর বলেন, গণমাধ্যম পুরুষের নিয়ন্ত্রণে চলছে। নীতিনির্ধারণী বেশির ভাগ পদে আছেন পুরুষ। গণমাধ্যমে নারী ও শিশুবিষয়ক সংবাদ উপেক্ষিত।

শাহ আলমগীর গণমাধ্যমের জন্য নারী ও শিশুবিষয়ক নীতিমালা তৈরিতে গুরুত্ব দেন।

কর্মশালায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ আই এম গোলাম কিবরিয়া বক্তব্য দেন।