এবার ইজিবাইকের পোয়াবারো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা পৌরসভায় নির্বাচনী প্রচারণায় এবার রিকশা নয়, ধুমসে ব্যবহৃত হচ্ছে ইজিবাইক। প্রতীক বরাদ্দের পর থেকেই ইজিবাইকের ওপর মাইক লাগিয়ে সেগুলো নিয়ে শহরে চক্কর দিচ্ছেন আর প্রতীক ও প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন প্রার্থীর পক্ষের লোকজন।
সরেজমিনে গতকাল শহর ঘুরে দেখা গেল, বেলা দুইটার দিকে মাইক লাগানো তিনটি ইজিবাইক পয়েন্টের পাশে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। এ সময় কথা হয় ইজিবাইকচালক আফজাল হোসেনের (৪৫) সঙ্গে। তিনি বলেন, ‘মাইকিংয়ের এখনো সময় হয়নি। দুইটা বাজার পর বের হয়ে রাত আটটা পর্যন্ত মাইক নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরব। এতে ভাড়া পাব সাত শ টাকা। এ ছাড়া প্রার্থীরা নাশতাও খাওয়ায়।’ তিনি আরও বলেন, নির্বাচনের কারণে এই আয়ের সুযোগ পাচ্ছেন তিনি। না হলে সারা দিনেও তাঁর সাত শ টাকা আয় হতো না।
আরেক ইজিবাইকচালক বাবুল হোসেন (৪০) বলেন, ‘নির্বাচনের কয় দিন ভাড়ার সমস্যা নাই। বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা ভাড়া নিব সাত থেকে আট শ টাকা। ওই সময়ে ৭০ থেকে ৮০ কিলোমিটার ঘোরা হবে। রিকশায় ওই সময়ের মধ্যে এত বড় এলাকা ঘোরা যায় না। তাই মাইকিংয়ে এবার প্রার্থীদের পছন্দ ইজিবাইক।’
এদিকে ডালিয়া সড়কে রিকশায় মাইক যুক্ত করে প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রিকশাচালক আমিনুর রহমান (৩৫)। তিনি বলেন, আগে রিকশায় চড়েই নির্বাচনী মাইকিং চালাতেন প্রার্থীদের লোকজন। এখন শহরে মাইকিংয়ের জন্য দু-একটা রিকশা হয়তো ভাড়া হয়। তিনি আরও বলেন, ‘প্রার্থীরা মাইকিংয়ের জন্য এখন ইজিবাইক বেশি ব্যবহার করেন। ওরা পায় সাত-আট শ টাকা। আমাদের দেয় দুই-আড়াই শ।’ তারপরেও কোনো কোনো কাউন্সিলর প্রার্থী তাঁদের এলাকা কম হওয়ায় রিকশা ভাড়া করে তা দিয়েই মাইকিংয়ের কাজ চালাচ্ছেন বলে জানান তিনি।
বেলা তিনটার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের দোলাপাড়ায় একটি রিকশাকে একজন ওয়ার্ড সদস্যকে মাইকিং করে ঘুরতে দেখা যায়। এ সময় কথা হয় ওই রিকশার চালক বাবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এখন অটোরিকশার কারণে আমাদের নিতে চায় না মাইকিংয়ে।’
৬ নং ওয়ার্ডের বাসিন্দা মাজিদুল ইসলাম (৫০) বলেন, এবার প্রার্থীরা রিকসার চেয়ে অটোরিকসায় মাইক লাগিয়ে বেশি প্রচারনা চালাচ্ছেন। এরআগে রিকসায় চলতো এ প্রচারনা।
এখানে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল ওয়াহেদ বলেন, ‘আমাদের পৌরসভার এলাকা বড়। অনেক এলাকায় এখনো কাঁচা রাস্তা। রিকশায় কম সময়ে বেশি এলাকায় প্রচারণা চালানো কঠিন। তাই আমরা মাইকিংয়ে এবার ইজিবাইক ব্যবহার করছি।’
স্বতন্ত্র প্রার্থী জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বলেন, রিকশার চেয়ে ইজিবাইকে কম সময়ে বেশি এলাকায় প্রচারণা চালানো যায়। নির্বাচনী প্রচারণায় ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহারে বিধিনিষেধ থাকতে পারে, কিংবা খরচও বেশি পড়বে। সবদিক বিবেচনা করে এবার প্রার্থীরা ইজিবাইক বেশি ব্যবহার করছেন বলে জানান তিনি।