এবার ইমরানের প্রতি ব্লগারদের 'অনাস্থা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে ইমরান এইচ সরকারকে ‘অব্যাহতি’ দিয়ে মঞ্চের এক পক্ষের সংবাদ সম্মেলনের পর এবার তাঁর সহযোদ্ধা ব্লগারদেরও একটি অংশ তাঁর প্রতি অনাস্থা জানিয়েছে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান)’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে তাঁর প্রতি এই অনাস্থা জানানো হয়। তবে বোয়ানের ফেসবুক পেজে গতকাল বিকেলে একটি বিজ্ঞপ্তি দেখা যায়। সেখানে বলা হয়, ‘এ ধরনের কোনো সংবাদ সম্মেলন বোয়ান আহ্বান করেনি।’ ইমরান এইচ সরকার এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্লগার অনিমেষ রহমান। তিনি বলেন, বোয়ান গণজাগরণ মঞ্চের সঙ্গে আছে ও থাকবে। কিন্তু যত দিন কোনো কাঠামো না দাঁড়াবে, তত দিন কোনো খণ্ডিত অংশের সঙ্গে তাঁরা আন্দোলনে যাবেন না। এই মুহূর্তে গণজাগরণ মঞ্চ সার্বিক অর্থে আর কার্যকর নেই।
গণজাগরণ মঞ্চকে পুনর্গঠনের আহ্বান জানিয়ে অনিমেষ রহমান বলেন, কর্মীদের সমন্বয় পরিষদ এখন পর্যন্ত ব্যক্তি ইমরান ও গণজাগরণ মঞ্চের মুখপাত্রের বক্তব্যকে আলাদা করতে পারেনি। এ সুযোগে বিভিন্ন মতলববাজ গোষ্ঠী মুখপাত্রের মুখ থেকে তাদের বিভ্রান্ত ও গোপন এজেন্ডার পক্ষে কথা বলিয়ে নিতে পারছে। মুখপাত্র এ ক্ষেত্রে জবাবদিহি-শূন্যতার সুযোগ নিচ্ছেন। একে মঞ্চের ছয় দফা দাবির প্রতি বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেন তিনি।
আয়োজকেরা জানান, বোয়ানের ২৫ জনের মতো সদস্য একসঙ্গে বসে এ সিদ্ধান্ত নিয়েছেন। আহ্বায়ককে ছাড়াই তাঁরা বোয়ানের পূর্ণাঙ্গ কমিটি করতে পাঁচ সদস্যের একটি কমিটি করেছেন। এখন পর্যন্ত কমিটিতে আহ্বায়ক পদ ছাড়া কারও কোনো পদবি নেই, সেটাও স্বীকার করেন তাঁরা। তাঁরা দাবি করেন, গত বছরের ১ ফেব্রুয়ারি বোয়ান গঠিত হয়। কিন্তু এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক ইমরান এইচ সরকার একাধিকবার প্রথম আলোকে বলেছেন, ২০১২ সালের শেষ দিকে তাঁরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কানিজ আকলিমা সুলতানা, প্রীতম আহমেদ, রাশিদুল হাসান, মোরসালিন মিজান প্রমুখ।
প্রসঙ্গত, এর আগে ১২ এপ্রিল শাহবাগে সংবাদ সম্মেলন করে গণজাগরণ মঞ্চ থেকে ইমরানকে ‘অব্যাহতি’ দেওয়ার ঘোষণা দেয় মঞ্চের একটি অংশ।
এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ছাড়া বোয়ানের অন্য সদস্যদের নিয়ে বৈঠক করেন ইমরান। সেখানে আনুষ্ঠানিকভাবে বোয়ানের সদস্য ফরম বিতরণ করে সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়।