এবার ইমরানের বিরুদ্ধে গাজীপুরে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান এইচ সরকার
ইমরান এইচ সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করায় ঢাকার পর এবার গাজীপুরে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এবার তাঁর সঙ্গে আরও দুজনকে আসামি করা হয়েছে। গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২–এ মামলাটি করা হয়।


গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু বাদী হয়ে আজ বুধবার সকালে মামলাটি করেন।

মামলায় অভিযোগ করা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের ঘটনায় অযৌক্তিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘কটূক্তিমূলক’ স্লোগান দেওয়া হয়।

গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, মামলার অন্য আসামিরা হলেন গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস ও নাসির উদ্দিন।

আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২৭ জুলাই তাঁদের আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।