এবার ইমো দিয়ে প্রশ্ন ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমো প্রতীকী ছবি
ইমো প্রতীকী ছবি

• প্রশ্নপত্র ফাঁসের সময় পাঁচটি মুঠোফোন জব্দ।
• পাঁচ মুঠোফোনের একটিতে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন ও উত্তরপত্র ছিল।
• প্রশ্নপত্র ফাঁসের চেষ্টাকারী কয়েকজন পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কেন্দ্রের সামনে এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের সময় পরীক্ষার্থীদের পাঁচটি মুঠোফোন জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টাকারী কয়েকজন পালিয়ে যায়। এদিকে পরীক্ষা চলাকালীন দায়িত্বে অবহেলার কারণে আরেকটি পরীক্ষাকেন্দ্রে দুই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সকালে রূপগঞ্জ উপজেলার এইচআর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও জনতা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জব্দ করা পাঁচটি মুঠোফোনের একটিতে বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন ও উত্তরপত্র ছিল। পরীক্ষা শুরুর আগমুহূর্তে স্কুলের সামনে পরীক্ষার্থীরা জটলা বেঁধে ওই সব মুঠোফোন থেকে প্রশ্ন ও উত্তরপত্র নেওয়ার চেষ্টা করছিল। ধারণা করা হচ্ছে, এই কাজের সঙ্গে স্কুলের কোনো শিক্ষক জড়িত। মুঠোফোনের সামাজিক যোগাযোগমাধ্যম ইমো আইডি থেকে প্রশ্নপত্রটি আসে বলে ওই কর্মকর্তা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গতকাল সকালে পরীক্ষা শুরুর আগমুহূর্তে সংবাদ আসে, উপজেলার এইচআর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চলছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হলে সেখান থেকে কয়েকজন ছাত্র দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রশাসনের লোকজন তাদের পিছু নেন। একপর্যায়ে তারা পাঁচটি মুঠোফোন ছুড়ে ফেলে পালিয়ে যায়। মুঠোফোনগুলো জব্দ করা হয়েছে। সেগুলো প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

অন্যদিকে জনতা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা ও পরীক্ষার্থীদের সহযোগিতার অভিযোগে একই বিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক ওবায়দুর রহমান ও দাউদপুর পুটিনা উচ্চবিদ্যালয়ের ধর্ম বিষয়ের শিক্ষক মাওলানা আতিকুর রহমানকে পরীক্ষাকেন্দ্রের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সচেতন অভিভাবক ও ভুক্তভোগী ছাত্র-ছাত্রীদের ব্যানারে মানববন্ধন করা হয়। এতে বক্তারা প্রশ্নপত্র ফাঁস রুখতে ব্যর্থতার জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন, ভালো ফলের জন্য সারা বছর একজন শিক্ষার্থী পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁসের কারণে যারা সারা বছর পড়েনি, তারা ভালো ফল করছে। কিন্তু এই ভালো ফলের মূল্য কী? কোচিং সেন্টার বন্ধ করলেই প্রশ্নপত্র ফাঁস ঠেকানো যাবে? যাদের বাড়িতে শিক্ষক রেখে পড়াশোনা করার সামর্থ্য নেই, তারা কোচিং সেন্টারে পড়ত। কিন্তু সেই কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। একের পর এক প্রশ্নপত্র ফাঁস হলেও শিক্ষামন্ত্রীসহ প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।