এবার ই-ভিসা নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনলাইনে ভিসা আবেদন করার সময় ছবি ও ভিসাসংক্রান্ত তথ্য পূরণে ত্রুটি হওয়ায় প্রায় অর্ধেক হজযাত্রীর পাসপোর্টে সৌদি ভিসা লাগেনি। এ জন্য অনেকেই নির্দিষ্ট সময়ে হজে যেতে পারছেন না।
একই পরিবারের স্বামী ও স্ত্রী আবেদন করলেও এই সমস্যার কারণে একজনের ভিসা লেগেছে, অন্যজনের পাসপোর্টে ভিসা না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। আবার অসুস্থ মায়ের সঙ্গে যাওয়ার জন্য ছেলে আবেদন করলেও মায়ের পাসপোর্টে ভিসা লাগেনি।
এ অবস্থায় গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরুর সময় অনেক যাত্রী যেতে পারেননি। ফ্লাইট খালি থাকায় তিন-চার দিন পরে যাঁদের যাওয়ার কথা, তাঁদের গতকালই পাঠানো হয়েছে। এভাবে যাত্রী পূর্ণ করে গতকাল সকালে চার শতাধিক হজযাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে।
সরকার আশঙ্কা করছে, সৌদি কর্তৃপক্ষ ভিসা দিতে দেরি করলে একই পরিবারের সদস্যদের আলাদা ফ্লাইটে যেতে হবে, বহু যাত্রী হজে যেতে পারবে না, হাজিদের দ্বিগুণ বিমান ভাড়া দিতে হবে এবং সরকারের পাঁচ কোটি টাকার বেশি ক্ষতি হবে।
এ অবস্থায় হজযাত্রীদের তাড়াতাড়ি ভিসা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল ধর্ম মন্ত্রণালয় থেকে সৌদি দূতাবাসে চিঠি পাঠানো হয়। প্রসঙ্গত, এ বছরই প্রথম হজে যাওয়ার জন্য অনলাইনে ভিসার আবেদন বা ই-ভিসা চালু করা হয়।
জানতে চাইলে ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সৌদি দূতাবাস আমাদের অসহযোগিতা করেছে। গতকালও প্রায় আড়াই শ পাসপোর্টে ভিসা না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বেশির ভাগ সরকারি কর্মকর্তা ভিসা পাননি।’
সচিব জানান, গতকাল হজ ফ্লাইট খালি যাচ্ছিল। যাঁদের দু-তিন দিন পর যাওয়ার কথা, তাঁদের ডেকে এনে ফ্লাইট পূর্ণ করা হয়। ভিসা না হওয়ার অভিযোগ নিয়ে কাল অনেকেই মন্ত্রণালয়ে আসেন। তিনি বলেন, বেসরকারি ক্ষেত্রেও একই অবস্থা, তারা ভিসা না দিয়ে পাসপোর্ট ফেরত দিচ্ছে। এ অবস্থায় প্রত্যেক হজযাত্রীকে বিমান ভাড়া দুইবার গুনতে হতে পারে।
ঢাকার সৌদি দূতাবাসে পাঠানো চিঠিতে ধর্মসচিব জানিয়েছেন, সরকারি ব্যবস্থাপনায় যাঁরা হজে যাবেন, তাঁদের যাত্রার সময়সূচি নিশ্চিত করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অর্ধেক হজযাত্রীর পাসপোর্টে ভিসা লাগেনি। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা যেন দ্রুত ভিসা পান, সে ব্যাপারে দূতাবাসের সহযোগিতা প্রয়োজন। এই হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় বাসা ভাড়া থেকে শুরু করে সব ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিমানের একটি হজ ফ্লাইট সূচি বিলম্ব হলে পুরো প্রক্রিয়া ব্যাহত হবে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের ফ্লাইট খালি গেলে বা ফ্লাইট বাতিল হলে ফ্লাইট সূচিতে বিপর্যয় ঘটবে। ফলে হজযাত্রী এবং সরকার উভয়ের ক্ষতি হবে, ভোগান্তি হবে।’
গতকাল রাতে সৌদি আরবে ই-হজ সিস্টেমে ভিসার ছবি প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, সৌদি দূতাবাসের ভিসা প্রিন্টিং সিস্টেমে সৌদি আরবের ই-হজ সিস্টেমের অনুমোদিত ফটো কিছু কিছু ক্ষেত্রে ভিসার জন্য প্রিন্ট করা সম্ভব হচ্ছে না। তাই দূতাবাসের নিয়মানুযায়ী ছবি দিতে বলা হয়েছে। এ ছাড়া ছবি দিতে ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে বলা হয়েছে।
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজ পালনের কথা রয়েছে। এঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৭০০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫১ হাজার হজযাত্রী পরিবহন করবে।
এবার ইকোনমি ক্লাসে হজযাত্রীদের বিমান ভাড়া ১ হাজার ৫১৫ ডলার ও বিজনেস ক্লাসে ২ হাজার ৫০০ ডলার নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে যোগ হবে অন্যান্য কর।
ইকোনমি ক্লাসের প্রত্যেক হজযাত্রী বিনা মূল্যে সর্বাধিক দুটি করে ৩২ ও বিজনেস ক্লাসে সর্বাধিক দুটি করে ৪২ কেজি ওজনের ব্যাগ এবং কেবিন ব্যাগে সাত কেজি মালপত্র নিতে পারবেন। প্রত্যেক হজযাত্রীর জন্য পাঁচ লিটার জমজমের পানি ঢাকায় নিয়ে আসা হবে এবং তা ঢাকা ফেরার পর হাজিদের দেওয়া হবে।
সিলেটে ৩১ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু হবে। ওই দিনের ফ্লাইটটি ৪১৭ জন হাজি নিয়ে সরাসরি জেদ্দা যাবে। এ ছাড়া ৮ ও ১৩ সেপ্টেম্বর সিলেট থেকে সরাসরি জেদ্দায় ফ্লাইট যাবে। আরও কিছু ফ্লাইট সিলেট থেকে ঢাকা হয়ে জেদ্দা যাবে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কেন্দ্রীয় সদস্য আজাহারুল কবির চৌধুরী বলেন, এবার সিলেট থেকে ২ হাজার ৮০০ জন হজে যাবেন।
বাংলাদেশ থেকে প্রতিবছর লাখ খানেক মুসলমান হজ পালনের জন্য সৌদি আরব যান। এর কিছু অংশ সরকারি ব্যবস্থাপনায় গেলেও বেশির ভাগই বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে যান। কিন্তু প্রায় প্রতিবছরই হজ ব্যবস্থাপনায় অনিয়ম আর যাত্রীদের ভোগান্তির বিভিন্ন অভিযোগের কথা শোনা যায়। এবার যোগ হলো নতুন ভোগান্তি।
ভোগান্তি: মিরপুরের বাসিন্দা সারওয়ার হোসেন আত্মীয়স্বজনসহ ৩৮ জন হজে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। যোগাযোগ করেন সিলেটের জিন্দাবাজারের জোনাকি ইন্টারন্যাশনাল নামের একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে। সরকারের ঘোষিত সময়ের মধ্যে ৩০ জনের নাম অনলাইনের মাধ্যমে নিবন্ধন করা হয়। কিন্তু সময় শেষ হওয়ার পর তাঁরা জানতে পারেন, ওই এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। কারণ, গত বছর ওই এজেন্সির একজন হজযাত্রী হজ করতে গিয়ে আর ফেরেননি।
এমন জটিলতার সৃষ্টি হলে সরকারের পক্ষ থেকে বলা হয়, যেসব এজেন্সির লাইসেন্স বাতিল হয়েছে এবং তাদের হজযাত্রী যদি ৫০ জনের কম থাকে, তাহলে লাইসেন্সধারী কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তারা হজের জন্য ভিসা প্রক্রিয়া করতে পারবে।
সারওয়ার জানান, তাঁরা ৩০ জন ও জোনাকি ইন্টারন্যাশনালের আরও নয়জনসহ মোট ৩৯ জনের ভিসা প্রক্রিয়া করার জন্য সিলেটের একই এলাকার এমএস আলমের কাছে আবেদন করেন জোনাকি ইন্টারন্যাশনাল কর্মকর্তারা। এমএস আলম ভিসা প্রক্রিয়া করে হজে নিয়ে যাওয়ার জন্য সম্মতিপত্রও দেয়। কিন্তু জুলাই মাসে এমএস আলম জানিয়ে দেয়, তিনি জোনাকি ইন্টারন্যাশনালের ৩৯ জনকে নিয়ে যেতে পারবে না। যেতে হলে আরও বেশি টাকা দিতে হবে।
জানতে চাইলে এমএস আলমের স্বত্বাধিকারী কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানে অনেক হজযাত্রী থাকায় তাঁদের নিয়ে যেতে পারছি না।’ তাহলে ৩০ জনকে নিয়ে যাওয়ার জন্য সম্মতিপত্র দিয়েছিলেন কেন? জবাবে কামরুজ্জামান বলেন, ‘তখন ভেবেছিলাম নিয়ে যেতে পারব।’ এখন তাঁদের ব্যাপারে করণীয় কী, তা জোনাকি ইন্টারন্যাশনালই বলতে পারবে।
জোনাকি ইন্টারন্যাশনালের কর্মকর্তা হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা কামারুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু তিনি যোগাযোগ করতে চাইছেন না। আমাদের হজযাত্রীদের স্থলে যাতে কেউ নাম স্থানান্তর করে হজে নিয়ে যেতে না পারে, সে জন্য আমরা হজ ক্যাম্পে লিখিত আবেদন করে রেখেছি।’
এ বিষয়ে জানতে চাইলে হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ বলেন, যথাসময়ে নিবন্ধন করতে না পারায় এ বছর ২৫ হাজার হজযাত্রী হজে যেতে পারছেন না। আর সিলেটের জোনাকি ইন্টারন্যাশনালের ঝামেলাটি মন্ত্রণালয়ই সমাধান করবে।