এবার ঈদ হবে না গেটম্যানদের!
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কাশিপুর রেলগেট। ট্রেন আসার সংকেত পাওয়ামাত্রই গেটম্যান মিজানুর রহমানের তোড়জোড় শুরু হয়ে যায়। সবই মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু মিজানুরের নিজের পরিবারের খেয়ে-পরে বেঁচে থাকার নিরাপত্তা কোথায়?
দিনে বেতন মাত্র ১৫০ টাকা। সেটাও বন্ধ গত চার মাস। এদিকে ঈদ নাকের ডগায়। চুক্তিভিত্তিক নিয়োগ হওয়ায় কোনো দিনই বোনাস পান না। এখন ঈদের আগে বেতন পাবেন, এমন আশাও হারিয়ে ফেলেছেন মিজানুর।
মিজানুরের মতো অবস্থা রেলওয়ের পশ্চিমাঞ্চলের আওতাভুক্ত খুলনা থেকে রাজশাহী পর্যন্ত রেলপথে কর্মরত দেড় শতাধিক গ্যাটম্যানের। দিন নেই, রাত নেই পতাকা হাতে লাইনের পাশে দাঁড়িয়ে যানবাহন, পথচারী আর ট্রেনগুলো নিরাপদে চলাচলের ব্যবস্থা করেন তাঁরা। এর মাধ্যমে হাজারো মানুষের জীবনের নিরাপত্তার ব্যবস্থা হয়। অথচ এসব গ্যাটম্যানের পরিবার-পরিজনের এবার ঈদ হবে না।
রেলওয়ের রাজশাহী অঞ্চল কার্যালয় সূত্রে জানা গেছে, রেলওয়ের খুলনা থেকে রাজশাহী পর্যন্ত তাদের প্রায় সাড়ে চার শ গেট রয়েছে। এর মধ্যে অরক্ষিত গেটের সংখ্যা তিন শতাধিক। বাকিগুলোয় সাড়ে তিন শ ইঞ্জিনিয়ারিং গেটম্যান আর দেড় শ ট্রাফিক গেটম্যান দায়িত্ব পালন করেন। ওই ট্রাফিক গেটম্যানরা ২০০৩ সাল থেকে চুক্তিভিত্তিক কাজ করে যাচ্ছেন।
গ্যাটম্যান মিজানুর কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি বলেন, বাবা-মা, স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর পরিবার। কিন্তু তাঁদের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারেন না তিনি। কারণ একে তো স্বল্প বেতন; তার ওপর মাঝেমধ্যেই বেতন বন্ধ থাকে। মিজানুর বলেন, সামনে ঈদ। মানুষ কত আনন্দ করছে। অথচ তাঁর পরিবারে কোনো আনন্দ নেই। ঈদের কেনাকাটা করতে না পেরে পরিবার-পরিজন থেকে একপ্রকার পালিয়ে রয়েছেন তিনি।
তিন-চারজন গ্যাটম্যান জানান, শুরুতে তাঁদের প্রতিদিন মাত্র ৮০ টাকা হাজিরা চুক্তিতে বেতন দেওয়া হতো। ২০১৫ সালে সেটা বাড়িয়ে ১৫০ টাকা করা হয়। এর বিনিময়ে অনেককে দিনে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়। কারণ অনেক গেটে মাত্র দুজন গেটম্যান আছেন। তিনজন থাকলে আট ঘণ্টা কাজ করলেই চলে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়িত্ব পালন করেন গ্যাটম্যান আরিফ হোসেন। তিনি বলেন, কঠোর পরিশ্রম করতে হয় তাঁদের। এরপরও বেতন মাসে মাত্র সাড়ে চার হাজার টাকা। খুব কষ্ট করে মাস চলতে হয়। সবচেয়ে বড় সমস্যা হয়, মাস শেষেও বেতন হাতে না পেলে। সর্বশেষ তিনি গত জানুয়ারি মাসের বেতন পেয়েছেন।
আরিফ আরও বলেন, ভেবেছিলেন ঈদের আগে তিনি বেতন পাবেন। কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ঈদের আগে বেতন হচ্ছে না। একমাত্র ছেলে ঈদে নতুন জামা চেয়েছিল। কিন্তু আজও তা কিনে দিতে পারেননি তিনি।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল মোহসী প্রথম আলোকে বলেন, এই গেটম্যানরা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারপরও নানা সমস্যায় তাঁদের ঠিকমতো বেতন দেওয়া সম্ভব হয় না। তিনি বলেন, বর্তমানে যে চার মাসের বেতন বকেয়া রয়েছে, তার মধ্যে এক মাসের টাকা ঈদের আগেই দেওয়ার চেষ্টা চলছে। তিনি আশা করছেন, সেটা করতে সক্ষম হবেন।