এবার ঈদে ওরাও পরবে নতুন জামা
ওরা রংপুরের সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের গরিব ঘরের শিশু-কিশোর। ঈদে কখনো নতুন জামা পরা হয়ে ওঠেনি ওদের। কিন্তু এবার প্রথম আলো বন্ধুসভার সদস্যরা পাশে দাঁড়িয়েছেন। ওরা এবার ঈদের দিন নতুন জামা পরবে। আর দশটা শিশু-কিশোরের মতো ওদের মুখেও হাসি ফুটবে। বন্ু্লসভার সদস্যরা নিজেদের গাঁটের টাকা বাঁচিয়ে তহবিল গড়ে তোলেন। সে টাকা দিয়ে কিনে আনেন নতুন জামা। গতকাল শনিবার সকালে সব বন্ধু একসঙ্গে বানিয়াপাড়া গ্রামে যান। বাড়ি বাড়ি গিয়ে ৫৫টি গরিব পরিবারের শিশু-কিশোরদের হাতে তুলে দেন ঈদ উপহার। নতুন জামা পেয়ে কিশোরী কাজলী বেগম খুশিতে আটখানা। সে বলে, ‘এর আগোত নয়া জামা পরি ঈদ করি নাই। পুরান কাপড়ে ঈদ করছি। আমারে নতুন পিরান দিলেন, কী খুশি যে লাগতোছে।’শ্রাবণী আক্তারের বাবা নেই। মা অসুস্থ। সেও বেজায় খুশি। শ্রাবণী বলে, ‘প্রতিদিন পইরবার জামা নাই আমার। আপনারা আমারে এত সুন্দর পিরান দিছেন। আমার খুব আনন্দ লাগতোছে।’ কিশোর আবদুর রাজ্জাক বলে, ‘ইশকুলে পরি যাই, আমার এমন একটা জামাও নাই। এবার ঈদের এই নতুন জামা গায়ে, মাঠে যাব। পরে এইটা পরে ইশকুলেও যাওয়া যাইবে।’ সন্তান নতুন জামা উপহার পাওয়ায় স্বামীহারা জ্যোত্স্না বেগম বলেন, ‘আমাদের ঠিকমতো দুই বেলা আহার জুটে না। এর-ওর বাড়িত কাম করি পেট চলা লাগে। এই নতুন জামা পায়া মোর কী যে খুশি লাগতোছে।’ আমাদের বরিশাল অফিস জানিয়েছে, প্রথম আলোর বরিশালের বন্ধুসভার পক্ষ থেকে গত শুক্রবার মো. নাঈম (১২) নামের এক কিশোরকে একটি নতুন পাঞ্জাবি, পাজামা ও টুপি উপহার দেওয়া হয়। নাঈমের বাবা নেই। মা পারুল বেগমের সঙ্গে নগরের কাউনিয়া সাবান ফ্যাক্টরি এলাকায় একটি ঘুপচি ঘরে থাকে সে। নাঈম কাজ করে একটা ফলের দোকানে। দিন গেলে সে পায় ১০ টাকা। আর তার মা কাজ করেন অন্যের বাড়ি। এবার ঈদে নতুন পাজামা-পাঞ্জাবি ও টুপি পেয়ে নাঈম অত্যন্ত খুশি। সে বলে, ‘নতুন পোশাক, আমার জন্য!’