এবার ঈদে চারটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। শহরে-বন্দরে কোরবানির পশুর হাট সরগরম। ছোটবড় নানা আকৃতির ষাঁড়, ছাগল-ভেড়ার গলায় বাঁধা রশি ধরে গৃহাভিমুখী যাত্রার দৃশ্য এখন পথে পথে। এক দিন পরই এই কোলাহল থাকবে না। টানা ছুটি। কোরবানির আনুষ্ঠানিকতার পর অখণ্ড অবসর। উৎসবপ্রিয় বাঙালির ঈদের ছুটিতে হলে গিয়ে নতুন ছবি দেখা কিংবা ঘরে নতুন অ্যালবামের গান শোনার অভ্যাস অনেক দিনের পুরোনো। প্রতিবছরই ঈদ উপলক্ষ করে নতুন ছবি মুক্তি পায়। বাজারে আসে নতুন গানের অ্যালবাম।
এবারের ঈদের জন্য চূড়ান্ত হওয়া ছবি চারটি হচ্ছে মালেক আফসারীর ফুল অ্যান্ড ফাইনাল, সফিউদ্দিন সাফির পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী, রাকিবুল আলমের প্রেমিক নাম্বার ওয়ান এবং শাহ মোহম্মদ সংগ্রামের কি প্রেম দেখাইলি।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সূত্রে জানা গেছে, নতুন এ চারটি ছবি সারা দেশের মোট ২১৯টি হলে মুক্তি পাবে। সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন প্রথম আলোকে বলেন, সব কটি ছবিই ডিজিটাল প্রযুক্তিতে প্রদর্শন করা হবে। তার দেওয়া তথ্য অনুযায়ী ঈদে ফুল অ্যান্ড ফাইনাল ছবিটি সর্বোচ্চ ৯০টি হলে মুক্তি পাচ্ছে। এ ছাড়া প্রেমিক নাম্বার ওয়ান ৬০টি, কি প্রেম দেখাইলা ৩৮টি এবং পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ৩১টি হলে বুকিং দেওয়া হয়েছে। ঈদের পর এই সংখ্যাটি কম কিংবা বেশি হতে পারে।
ঈদের চার ছবির মধ্যে তিন ছবির নায়ক শাকিব খান, এক ছবির নায়ক নবাগত বাপ্পি। শাকিব খান অভিনীত ছবিগুলো হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল, পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী ও প্রেমিক নাম্বার ওয়ান। ছবিগুলোতে তাঁর নায়িকা যথাক্রমে ববি, জয়া আহসান, অপু বিশ্বাস ও নিপুণ। কি প্রেম দেখাইলি ছবির নায়ক-নায়িকা বাপ্পি চৌধুরী ও আঁচল। এ ছাড়াও ফুল অ্যান্ড ফাইনাল ছবিতে নবাগত তানভীর তনু এবং পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনীতে আরেফিন শুভকে দেখতে পাবেন দর্শকেরা।
অ্যালবাম: অতীতের তুলনায় এবার ঈদে খুব অল্পসংখ্যক নতুন গানের অ্যালবাম বাজারে এসেছে। শুধু তাই নয়, এবার তারকা শিল্পীর অ্যালবামের সংকট রয়েছে। বেশির ভাগই নবীন শিল্পীর গানের অ্যালবাম।
তারকা শিল্পীদের ঈদ অ্যালবামের তালিকায় আছে ফেরদৌস ওয়াহিদের মাধবী, সামিনা চৌধুরীর চলো বাঁচি, তপুর তৃতীয় একক আর তোমাকে এবং তৌসিফের অনুভব। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ এবং ন্যান্সি এই প্রথম একসঙ্গে গান করলেন। মনোয়ার হোসেনের সুর ও আহমেদ কিসলুর সংগীতে অ্যালবামটির নাম ঝগড়ার গান।