এবার ঈদে টানা ছয় দিন ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতে বিড়ম্বনা দূর করতে এবং উৎসবকে আনন্দময় করতে ১১ সেপ্টেম্বরও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত নেয় সরকার।
এর ফলে এবার পবিত্র ঈদুল আজহায় টানা ছয় দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকুরেরা। একই প্রক্রিয়ায় এক দিন ছুটি বাড়ানোয় পবিত্র ঈদুল ফিতরে টানা নয় দিনের ছুটি ভোগ করছেন তাঁরা।
১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সে অনুযায়ী ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর ছিল সরকারি ছুটি। এখন ১১ সেপ্টেম্বরও (রোববার) ছুটি যোগ হলো। তবে ১১ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর শনিবার অফিস করতে হবে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদুল আজহার সরকারি ছুটি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে।
১১ সেপ্টেম্বর সরকারি ছুটি শুরুর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি হচ্ছে টানা ছয় দিন। তবে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস বৃহস্পতিবার হওয়ায় এদিন কেউ ছুটি পেলে তিনি টানা আরও তিন দিন ছুটি কাটাতে পারবেন। কারণ পরের দুই দিনও সাপ্তাহিক ছুটি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাহী আদেশে ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় বা যেসব চাকরি সরকার অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করেছে, সেসব অফিস নিজস্ব আইনকানুন অনুযায়ী ছুটি ঘোষণা করবে।
মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির আগে গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।