এবার ঈদে মানুষকে রাস্তায় ভোগান্তি পোহাতে হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে আগামী চার-পাঁচ দিনের মধ্যে সব রাস্তা সংস্কারের কাজ শেষ হবে। এবার আর ঈদের সময় ঘরমুখী মানুষকে রাস্তায় ভোগান্তি পোহাতে হবে না।
গতকাল বুধবার বিকেলে গাজীপুরের মীরেরবাজারে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়ক পরিদর্শনের সময় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। সড়ক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু দায়সারা গোছের কাজ করবেন না, দেশপ্রেমের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে।’
ফুটপাতে দোকানপাট উচ্ছেদের বিষয়ে মন্ত্রী বলেন, এখানে অনেক গরিব মানুষ আছে। উচ্ছেদের আগে তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহিবুল হক, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান প্রমুখ।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে যোগাযোগমন্ত্রী নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নির্মাণাধীন একটি সেতু পরিদর্শনে যান। এ সময় সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকায় যানজট নিরসনের জন্য ফ্লাইওভার নির্মাণের জন্য আগামী মাসে দরপত্র আহ্বান করা হবে। ২০১৫ সালে ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হবে।