এবার উচ্চপর্যায়ের তদন্ত দল নেপাল যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিকের বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচারবর্জিত কর্মকাণ্ড ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের সরকারি দল আজ রোববার কাঠমান্ডু যাচ্ছে। চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের দলটি অভিযোগগুলো খতিয়ে দেখবে। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মুন্সি ফয়েজের নেতৃত্বাধীন দলের অন্য দুই সদস্য হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পবন চৌধুরী ও সংস্থাপন বিভাগের যুগ্ম সচিব রইসুল আলম মণ্ডল। তাঁদের আগামী ৪ নভেম্বর পর্যন্ত নেপাল অবস্থান করার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগেও একাধিক তদন্তদলের প্রতিবেদনে নিম চন্দ্রের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে। কিন্তু বিভিন্ন মহলের চাপে তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সরকার সমালোচিত হয়। এ প্রেক্ষাপটে সরকারের শীর্ষ পর্যায় থেকে এবার জ্যেষ্ঠ এক কূটনীতিকের নেতৃত্বে এ তদন্ত দল পাঠানো হচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৯ সালে রাজনৈতিক বিবেচনায় নেপালে রাষ্ট্রদূত পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক নেতা নিম চন্দ্র ভৌমিক। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পররাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্তদল কাঠমান্ডু গিয়ে গত মে মাসে একটি প্রতিবেদন দেয়। প্রতিবেদনে অন্তত ১৮টি ঘটনার বর্ণনা রয়েছে, যাতে রাষ্ট্রদূতের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপালের পররাষ্ট্র দপ্তর অনানুষ্ঠানিকভাবে নিম চন্দ্রকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে।