সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে তাঁর কার্যালয়েই দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করলেন সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ। এ সময় শিক্ষকেরা ওই কার্যালয়ে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার পদত্যাগ দাবিতে গতকাল বেলা ১১টার দিকে তাঁর কার্যালয়ে যান আন্দোলনরত সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ। এ সময় শিক্ষকেরা উপাচার্যের কার্যালয়ে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দেন। এ ছাড়া উপাচার্যকে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন। উপাচার্যের কার্যালয়েই তাঁরা বেলা একটা পর্যন্ত অবস্থান নেন। আন্দোলনকারী শিক্ষকদের অবস্থানের কারণে বেলা ১১টার পূর্বনির্ধারিত শিক্ষাছুটি কমিটির বৈঠক হয়নি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকটি স্থগিত করে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সরকার-সমর্থক শিক্ষকদের ওই অংশের আহ্বায়ক সৈয়দ শামসুল আলম বলেন, ‘আমরা স্মারকলিপি দিয়েছি। আর আমাদের কর্মসূচির সময় উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা থাকবে কেন?’
প্রসঙ্গত, সরকার-সমর্থক শিক্ষকদের একাংশ উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক’ আচরণের অভিযোগ এনে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেন। গত ২৩ জুন উপাচার্য সরকার-সমর্থক শিক্ষকদের অপর অংশ থেকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেন। ২৩ জুন থেকেই আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।
গত ২৩ জুলাই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন স্থগিত করেন। কিন্তু গতকাল থেকে আবার তাঁর কার্যালয়ে গিয়ে অবস্থান করার নতুন এ কর্মসূচি শুরু করেন তাঁরা।