এবার উপাচার্যকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা কমান্ড। গতকাল বুধবার দুপুরে নগরের প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। শুধু তাই নয়, তাঁর দুই বড় ভাইও মুক্তিযোদ্ধা ছিলেন। আনোয়ারুল আজিমের পরিবার মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে এলাকার সবার কাছে স্বীকৃত।
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
এর আগে ৪ মে মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে উপাচার্যের অপসারণ দাবি করেছিল। ওই সময় তাঁকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করা হয়।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কমান্ডার মুহাম্মদ আবু তাহের। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মুক্তিযোদ্ধা অধিকার সংরক্ষণ পরিষদের নেতা মোহাম্মদ ইদ্রিছ অবৈধ সুবিধা না পেয়েই উপাচার্যের পেছনে লেগেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ ইদ্রিছ, দক্ষিণ জেলা সমাজতান্ত্রিক দলের সভাপতি নুরুল আলম প্রমুখ।