এবার উপাচার্যের সমর্থনে শিক্ষকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার উপাচার্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সমাবেশ করেছে শিক্ষকদের একটি অংশ। গতকাল বুধবার শিক্ষক সমিতির সভাপতির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে সরকার-সমর্থক ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের একাংশ অংশ নেয়।
দুপুর ১২টার দিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কবির হোসেনের নেতৃত্বে উপাচার্য ভবনের সামনে এ সমাবেশের শুরু। এতে অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন। একপর্যায়ে সেখানে উপস্থিত হন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। তখন শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য উপাচার্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এর কিছুক্ষণ পর বিএনপি-জামায়াতপন্থী একদল শিক্ষকও সমাবেশে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা উপাচার্যের কাছে নিয়মিত সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল, বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজের সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক রাখার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক রাশেদ তালুকদার, সরকার-সমর্থকদের একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’-এর আহ্বায়ক অধ্যাপক মো. আখতারুল ইসলাম, ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম’-এর আহ্বায়ক অধ্যাপক সাজেদুল করিম, সাবেক প্রক্টর হিমাদ্রী শেখর রায়সহ শতাধিক শিক্ষক সমাবেশে অংশ নেন।
কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ১২ এপ্রিল থেকে আন্দোলন শুরু করেছে সরকার-সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের শিক্ষকদের একাংশ। তবে ওই আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা হিসেবে উল্লেখ করে সরকার-সমর্থক আরেকটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের নেতারা উপাচার্যের পক্ষে অবস্থান নেন।