এবার উল্টো পথে উত্তর সিটির গাড়ি, চাপায় ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরায় উল্টো পথে চলা সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ির চাপায় এক ব্যবসায়ী মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উত্তরা হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন কার্যালয়-সংলগ্ন পদচারী-সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদের (৪৫) বাড়ি ভোলার চরফ্যাশনে। তিনি লিফটের ব্যবসা করতেন বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া প্রথম আলোকে বলেন, আজাদ রাস্তা পার হওয়ার সময় উল্টো পথে আসা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সিটি করপোরেশনের গাড়ি ও এর চালককে আটক করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি বনানীর কাকলীতে পুলিশের রিকুইজিশন করা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হন। ওই গাড়িটিও উল্টো পথে চলছিল।