ঢাকার আশুলিয়া থানার সেই উপপরিদর্শক (এসআই) রবিউল আলমের বিরুদ্ধে যাত্রীসহ এক মাইক্রোচালককে আটকের পর অমানুষিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের পর তাঁদের থানাহাজতে আটক রেখে মামলার আসামি করার চেষ্টা করেন এসআই। পরে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের হস্তক্ষেপে তাঁরা ছাড়া পান।প্রথম আলোর ৫-এর পাতায় গতকাল ‘টাকা না দিলে নিরপরাধ হয়ে যায় অপরাধী’ শিরোনামে এসআই রবিউলের গ্রেপ্তার-বাণিজ্য নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ পড়ে গতকাল প্রথম আলোর এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন মাইক্রোবাসের চালক রিপন হোসেন (২৪)। তিনি রাজধানীর মিরপুর থেকে ব্যবসায়ী শাহান চাকলাদারের গাড়ি চালান। রিপন বলেন, তিনি গত বছরের ৩০ ডিসেম্বর বিকেল পৌনে পাঁচটার দিকে আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে পৌঁছে দুজন যাত্রী তুলে গাড়ি ছাড়ার সময় সাদা পোশাকে এসআই রবিউল আলম যাত্রীসহ তাঁকে আটক করেন। এরপর গাড়িসহ তাঁদের স্থানীয় একটি বাজারে নিয়ে যান। সেখানে একটি দোকানের ভেতর নিয়ে শাটার আটকে লাঠিপেটা করতে থাকেন। এ সময় তাঁদের মাইক্রোবাস দিয়ে সড়ক-মহাসড়কে ছিনতাইসহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত থাকার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। তাঁরা স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানালে প্রায় এক ঘণ্টা পেটানোর পর তাঁদের থানায় নিয়ে হাজতে আটকে রাখেন। থানায় নেওয়ার পর তিনি মুঠোফোনে বিষয়টি তাঁর মালিক শাহান চাকলাদারকে জানান।ব্যবসায়ী শাহান চাকলাদার বলেন, ‘আমার নিরপরাধ চালককে ধরে নিয়ে এসআই রবিউল আলম নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। স্বীকারোক্তি আদায়ের মধ্য দিয়ে আমাকেসহ চালক রিপনকে হয়রানির মাধ্যমে অর্থ আদায়ের ফন্দি করেছিলেন তিনি। পরে বিষয়টি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জিকে জানালে তাঁর হস্তক্ষেপে তাঁরা ছাড়া পান।’বিষয়টি নিশ্চিত করে শ্যামল কুমার মুখার্জি বলেন, ‘চালক রিপনসহ অন্যদের চিকিৎসা শেষে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। তাঁরা যোগাযোগ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’তবে এসআই রবিউল আলম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অন্য কোনো কর্মকর্তা তাঁদের আটক করতে পারেন, আমি নই।’