এবার এক প্রাধ্যক্ষকে সরানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার হওয়া আরেক শিক্ষককে এবার একটি হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, ওই শিক্ষক ছিলেন সহকারী প্রাধ্যক্ষ। তবে তিনি প্রাধ্যক্ষের চলতি দায়িত্ব পালন করছিলেন। তাঁর চেয়ে জ্যেষ্ঠ এক শিক্ষককে প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার এলাহী হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষকদের সংগঠন
নীল দলের সভাপতি শফিক আশরাফ। তাঁকে গত রোববার চিঠির মাধ্যমে প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতির বিষয়টি জানান রেজিস্ট্রার ইব্রাহীম কবীর। শফিক আশরাফ প্রথম আলোকে বলেন, ‘ভর্তি জালিয়াত চক্রটিকে ধরতে নীল দলের অগ্রণী ভূমিকা রয়েছে। এ কারণে আমাকে হলের প্রাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে আমার ধারণা।’ তবে চিঠিতে অব্যাহতি দেওয়ার কারণ উল্লেখ ছিল না বলে জানান তিনি।

তবে রেজিস্ট্রার ইব্রাহীম কবীর বলেন, শিক্ষক শফিক আশরাফ সহকারী প্রাধ্যক্ষ ছিলেন। তাঁকে প্রাধ্যক্ষের চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল। নিয়মানুযায়ী তাঁর (শফিক) চেয়ে জ্যেষ্ঠ শিক্ষক মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌস রহমানকে ওই হলের প্রাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। শফিক আশরাফ সহকারী প্রাধ্যক্ষ পদে বহাল রয়েছেন।

এর আগে জালিয়াতির মাধ্যমে ভর্তির বিষয়টিকে সামনে নিয়ে আসা দুই শিক্ষককে ভর্তি কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ও একই বিভাগের প্রভাষক সামান্থা তামরিন।

রিমান্ডের আবেদন

ভর্তি জালিয়াতির অভিযোগে করা মামলার তদন্ত কর্মকর্তা বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাহেল চৌধুরী ও ভর্তি-ইচ্ছুক শামস বিন শাহরিয়ারের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এই আবেদনের শুনানির দিন আগামীকাল বুধবার ধার্য রয়েছে। অন্যরা কারাগারে রয়েছেন।

শিক্ষার্থীদের মানববন্ধন

ভর্তি জালিয়াতির ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র বলেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে গত ২৬ থেকে ২৯ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তির জন্য ১৭ ডিসেম্বর দিন নির্ধারিত ছিল। ওই দিন মৌখিক পরীক্ষার সময় ছয় শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন তাঁরা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। একই দিন ক্যাম্পাসে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকেও আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আবু কালাম মো. ফরিদ উল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করেন। গ্রেপ্তার শিক্ষার্থীদের স্বীকারোক্তির ভিত্তিতে পরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।